ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে শাবি শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ১২
আহতদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকার হাসপাতালে ভর্তি আছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম।
নিহতরা হলেন- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিরা আক্তার, দিনাজপুরের পার্বতীপুরের সৌরভ (২৫) এবং আসিফ (২৬)। আসিফের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি আব্দুল হালিম বলেন, সকালে রংপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী দিগন্ত এক্সপ্রেসের একটি বাস বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ ও আসিফের মৃত্যু হয়।
ওসি বলেন, আহতদের মধ্যে মুনিরা আক্তারসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক শাহিদুর রহমান বলেন, রাত ১০টার দিকে ঢাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনিরা আক্তার মারা গেছেন।
