মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল শাবি শিক্ষার্থীর
নিহত সাদমান রহমান পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রধান সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কে তপোবন আবাসিক এলাকার সামনে শনিবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সিলেট মহানগর জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান।
নিহত সাদমান রহমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । তার বাড়ি রাজবাড়ীর মধ্যভবানীপুর এলাকায়।
তিনি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।
সহপাঠীরা জানান, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে মোটরসাইকেলে করে মদিনা মার্কেট এলাকার দিকে যাচ্ছিলেন সাদমান। পথে স্পিডব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান সাদমান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
পরে আশেপাশের লোকজন সাদমান উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান আবদুল হান্নান বলেন, “আমাদের একজন শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। এজন্য আজ বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
“এ ছাড়া সাদমানের যে সহপাঠী লাশবাহী গাড়ির সঙ্গে গ্রামের বাড়িতে যাচ্ছেন, তিনি খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী। ফলে ওই বিভাগের প্রথম সেমিস্টারের একটি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পাঠানোর ব্যবস্থা করেছি। মরদেহ এখন পথে রয়েছে।”
ওসি মুজাহিদুল ইসলাম বলেন, "স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।"
