গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ঢুকে পড়ল বাড়িতে, প্রাণ গেল ২ ভাইয়ের
চাচাতো ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে বাঁক ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় বলে জানায় পুলিশ।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সকড়ের পাশে বাড়িতে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী দুই শিশু নিহত হয়েছে; যারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বৈরাগীবাজার এলাকায় সাদুল্লাপুর-তুলসীঘাট সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম।
নিহতরা হলো- উপজেলার দক্ষিণ কাজীবাড়ি গ্রামের সাদেকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫) এবং একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া (৮)।
সামিউল ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণি এবং আব্দুল্লাহ বৈরাগীবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাদেকুল তার চাচাতো ভাই আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে করে সাদুল্লাপুর থেকে বাড়ি যাচ্ছিল। পথে বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দিনেশ চন্দ্রের বাড়ির সীমানা প্রাচীরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে।
এতে আঘাত পেয়ে তারা দুইজন গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা থেকে সাড়ে চারটার মধ্যে দুজনই মারা যায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ওসি হাবিবুল ইসলাম।
