১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালের শতবর্ষী চার্চ দেখে মুগ্ধ ‘গঙ্গা বিলাসের’ পর্যটকরা

বুধবার বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কের ড্রেজার বেইজড পন্টুনে এসে ভিড়ে গঙ্গা বিলাস।

বরিশালের শতবর্ষী চার্চ দেখে মুগ্ধ ‘গঙ্গা বিলাসের’ পর্যটকরা

বরিশালে প্রবেশ করেছে প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 11:23 PM

Updated : 08 Feb 2023, 11:23 PM

নদী পথে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন বরিশালে অবস্থান করছে; পর্যটকরা নগরীর শতবর্ষী অক্সফোর্ড মিশন চার্চ দেখে তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন। 

বুধবার বিকেল পৌনে ৩টায় বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কের ড্রেজার বেইজড পন্টুনে এসে ভিড়ে গঙ্গা বিলাস। তখন পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় প্রশাসন। 

বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা বরিশালে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি। তারা দুদিন বরিশালে অবস্থান করবেন। তাদের নিরাপত্তায় মহানগর, জেলা ও নৌ পুলিশ এবং কোস্ট গার্ড রয়েছে। 

বৃহস্পতিবার সকালে পর্যটকরা উজিরপুর, বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠিতে পেয়ারা বাগান ও ভাসমান হাট পরিদর্শনে যাবেন। 

জেলা প্রশাসক বলেন, “আমরা আশাবাদী, তাদের মাধ্যমে সারা বিশ্বের পর্যটকরা বাংলাদেশকে আরও ভালভাবে জানতে পারবে। পর্যটকদের জন্য বাংলাদেশে সুন্দর পরিবেশ বিরাজ করছে, আইনশৃঙ্খলা  পরিস্থিতি অনেক ভালো, দেশের উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে।” 

পর্যটকরা বরিশাল নগরীর ১৯০৩ সালে প্রতিষ্ঠিত অ্যাপিফ্যানি গির্জা, যা স্থানীয়ভাবে অক্সফোর্ড মিশন চার্চ নামে পরিচিত, সেখানে গেলে তাদের অভ্যর্থনা জানান ফাদার জন। 

ফাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এশিয়ার দ্বিতীয় ও বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ শৈল্পিক চার্চ পরিদর্শন করেছেন পর্যটকরা। পরে তারা চার্চ ক্যাম্পাস, মেয়েদের আবাসিক স্থান ও বিশপ হাউজ পরিদর্শন করেন।  

ফাদার জন বলেন, পর্যটকদের সামনে মেয়েরা নৃত্য ও গান পরিবেশন করেছে। আধা ঘণ্টা চার্চ এলাকায় অবস্থান করে পর্যটকরা খুশি ও অভিভূত হয়েছেন। 

ট্যুর অপারেটর কোম্পানি ‘জার্নিপ্লাস’ এর সিইও তৌফিক রহমান বলেন, স্বরূপকাঠি, বানারীপাড়া ও উজিরপুর থেকে ফিরে পর্যটকরা ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। 

‘গঙ্গা বিলাস’ যাত্রীদের অভ্যর্থনায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জার্নিপ্লাস ট্যুরিজম প্রতিষ্ঠানের সমন্বয়কারী তৌফিক রহমান, গাইড কায়েস। 

তিনটি ডেকসহ এমভি ‘গঙ্গা বিলাসে’র দৈর্ঘ্য ৬২ মিটার ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির একজন ভ্রমণ করছেন। ‘গঙ্গা বিলাস’ সুন্দরবন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর ছয় দিন এ দেশের জলপথ পাড়ি দেবে বলে সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১১ জানুয়ারি উত্তর প্রদেশের বারানসিতে এই প্রমোদভ্রমণের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এতে জন প্রতি একদিনের টিকেটের দাম পড়ছে ২৪ হাজার ৬৯২ রুপি; যাত্রাপথের মোট ৫১ দিনের ভাড়া ১২ লাখ ৫৯ হাজার রুপি। তবে আলাদা আলাদা প্যাকেজেও পর্যটকরা এই তরীতে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন।

আরও পড়ুন:

পুরানো খবর:

ষাট গম্বুজে মুগ্ধ ‘গঙ্গা বিলাসে’র পর্যটক, যাবেন সুন্দরবনে

পুরানো খবর:

৫১ দিনে বারানসি থেকে আসাম, মাঝে বাংলাদেশ; প্রস্তুত ‘গঙ্গা বিলাস’

পুরানো খবর:

‘গঙ্গা বিলাস’ বাংলাদেশে ঘুরবে ৬ দিন