১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ গুলিতে নিহত হন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 10:24 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গুলিতে আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার রংপুর জেলার পিবিআইয়ের পুলিশ সুপার জাকির হোসেন বলেন, “এএসআই মো. আমীর আলী ও সুজন চন্দ্র রায় পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। আজ তাদের মহানগর পুলিশ গ্রেপ্তারের পর আমাদের কাছে হস্তান্তর করেছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ গুলিতে নিহত হন। তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে মহানগরের তাজহাট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করছে পিবিআই। 

মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, পুলিশ সদস্য সৈয়দ আমীর আলী, সুজন চন্দ্র রায়সহ ১৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় ৩০ থেকে ৩৫ জনকে।

মামলার এজাহারে বলা হয়েছে, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। ১৬ জুলাই তিনি নিরস্ত্র ও একা ছিলেন। তিনি দৃশ্যত পুলিশের জন্য কোনো হুমকি ছিলেন না। তা সত্ত্বেও তাকে শটগান দিয়ে গুলি করা হয়। আবু সাঈদ পড়ে গিয়ে একাধিকার দাঁড়ানোর চেষ্টা করলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে একাধিকার গুলি করেন।

এতে বলা হয়েছে, ঘটনার দিন বেলা ২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার নেতৃত্বে ছাত্রছাত্রীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। আবু সাঈদ পিছু না হটে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে এগিয়ে যান। পুলিশের সামনে এ সময় প্রক্টর কার্যালয়ের কর্মকর্তা রাফিউল হাসান হেলমেট পরে এসে আবু সাঈদকে লক্ষ্য করে ‘গুলি করুন, গুলি করুন’ বলে নির্দেশ দেন। অপর দুই আসামি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডল পুলিশকে গুলি করতে প্ররোচিত করেন।

বাদী রমজান আলী বলেন, “আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। তার ন্যায়বিচার পাওয়ার জন্য মামলা করেছি। আমরা সুষ্ঠু তদন্ত চাই। যারাই অপরাধী তাদের আইনের আওতায় এনে ন্যায়বিচার করতে হবে।” 

আরও পড়ুন:

আবু সাঈদ হত্যাসাবেক আইজি-বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ আসামি ১৭

আবু সাঈদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেল পিবিআই

বিজয়ের সুফল ভোগ করবে দেশের মানুষইউনূস

কোটাআবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ বরখাস্ত

কোটা: 'ও ভাইও হামাক এনা বোন কয়া ডাকো রে', সাঈদের বোনের আহাজারি