১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেল পিবিআই

কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই রংপুরে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 08:48 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

কোটা সংস্কারের আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

পুলিশ সদর দপ্তরের নির্দেশে সোমবার মামলাটি রংপুরের তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।

তিনি জানান, স্পর্শকাতর মামলাগুলো আগে থেকেই ছায়া তদন্ত শুরু করে পিবিআই। এখন আবু সাঈদ হত্যা মামলার তদন্ত করবে পুলিশের এই সংস্থাটি।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। 

ঘটনার পরদিন পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন।

এ ঘটনায় ১৭ জুলাই তাজহাট থানার উপ-পরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায় বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় দুই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন:

বিজয়ের সুফল ভোগ করবে দেশের মানুষ: ইউনূস

কোটা: আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ বরখাস্ত

‘ও ভাইও হামাক এনা বোন কয়া ডাকো রে’, সাঈদের বোনের আহাজারি

আবু সাঈদের ভাস্কর্য চায় না পরিবার