১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাটুরিয়ায় ফেরিডুবির তৃতীয় দিনে এল উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’

ফেরির নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের পরিবারের অপেক্ষা

পাটুরিয়ায় ফেরিডুবির তৃতীয় দিনে এল উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ‘রজনীগন্ধা-৭’ ফেরি ডুবির তৃতীয় দিনে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 04:05 PM

Updated : 19 Jan 2024, 08:29 PM

পাটুরিয়ায় পদ্মা নদীতে রজনীগন্ধা নামে ফেরি ডুবির তৃতীয় দিনে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। 

নারায়ণগঞ্জ থেকে শুক্রবার দুপুর ২টার দিকে ‘প্রত্যয়’ ঘটনাস্থলে আসে জানিয়ে বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, “প্রত্যয় এখন পজিশন নিয়ে কাজ শুরু করবে। তবে ফেরি উদ্ধার করতে আরও সময় লাগবে।” 

তিনি আরও বলেন, “শুক্রবার সকাল থেকে আমরা ডুবন্ত ফেরির বিভিন্ন স্থানে রশি দিয়ে বাঁধার কাজ করছি। ফেরির ভেতর ১০টি ‘এয়ার লিফটিং’ ব্যাগ ঢুকানো হয়েছে। এখন ওই ব্যাগে বাতাস দেওয়া হচ্ছে। এতে আস্তে আস্তে ফেরিটি ওপরের দিকে উঠবে।” 

গত বুধবার সকাল ৮টার দিকে নয়টি যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যায় রজনীগন্ধা-৭ নামে ফেরিটি। ফেরি ডোবার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ গঠিত দুটি তদন্ত কমিটি কাজ করছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এদিকে, ফেরি ডুবির দিন বুধবার উদ্ধারকারী জাহাজ হামজা এসে একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক উদ্ধার করে। পরের দিন আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে উদ্ধার করে তুলা নিয়ে ডুবে যাওয়া এক ট্রাক। এরপর আর কোনো যানবাহন উদ্ধারের খবর দিতে পারেনি কর্তৃপক্ষ। 

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, “আমরা এ পর্যন্ত তিনটি গাড়ি উদ্ধারে সক্ষম হয়েছি। বাকি ছয়টি যান এখনও শনাক্ত করতে পারিনি।”  

পুরানো খবর:

পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার অভিযান তৃতীয় দিনে

তৃতীয় দিনে ‘হামজা’ ও ‘রুস্তম’ উদ্ধার কাজ চালালেও ডুবে যাওয়া ফেরি উদ্ধারের সক্ষমতা এদের নেই বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২৫০ টন ওজনের ‘প্রত্যয়’ দিয়েই তারা উদ্ধারের মূল কাজ চালাবে। 

ফেরির নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের পরিবারের অপেক্ষা 

ঘটনায় তৃতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু হলেও দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ হুমায়ূন কবিরের সন্ধান মেলেনি।   

হুমায়ূন কবির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা।  

হুমায়ূনের ভাই রফিকুল ইসলাম বলেন, “তিনদিন হল আমার ভাইয়ের খোঁজ এখনো পেলাম না। আমরা নদীতে ট্রলার দিয়ে অনেক খুঁজেছি। এখন নদীর পাড়ে তাকিয়ে আছি। একেকবার মনে হয়, নিজেই নদীতে ঝাঁপ দিই। তিনটি ট্রাক উদ্ধার হল অথচ আমার ভাই উদ্ধার হল না। তারা কীভাবে খুঁজতেছে বুঝে আসছে না।”

নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান শাহ পরাণ ইমন জানান, তাদের ডুবুরি দলসহ ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র প্রায় ৫০ জন কাজ করে যাচ্ছেন। কিন্তু দুপুর ২টা পর্যন্ত তারা নিখোঁজ হুমায়ূনের সন্ধান পাননি। 

শুক্রবার দুপুরে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ধারণা করা হচ্ছে, হুমায়ূন ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন। 

আরও পড়ুন: 

পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার অভিযান দ্বিতীয় দিনে

পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি

ফেরি ডুবি: ‘সবাইকে ট্রলারে তুলে দিয়ে’ নিখোঁজ হলেন হুমায়ুন

ফেরি ডুবি: উদ্ধারকারী জাহাজ ‘রুস্তমের’ সঙ্গে আসছে ‘প্রত্যয়’ও

রজনীগন্ধা ডুবল কীভাবে?

ফেরি ডুবি: কভার্ড ভ্যান তুলে আনল হামজা

‘ভোর থেকে পানি উঠছিল’ ফেরিতে

পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি

ডুবে যাওয়া ফেরি তুলতে ঘটনাস্থলে হামজা, রুস্তমও যাচ্ছে

পাটুরিয়ায় যানবাহন নিয়ে ডুবেছে ফেরি, নিখোঁজ ১