প্রধানমন্ত্রীর মঞ্চে সাকিব, শুভেচ্ছা জানালেন নৌকার প্রতীক নেড়ে
সাকিব সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে পৌঁছালে তাকে ঘিরে ধরেন ভক্তরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে পৌঁছালে জাতীয় ক্রিকেট দলের এ অধিনায়ককে ঘিরে ধরেন ভক্তরা। অনেককে এ সময় মোবাইল ফোনে সাকিবের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।
পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মঞ্চে সাকিবও ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উড়িয়ে এবং সাকিব নৌকা প্রতীকের প্ল্যাকার্ড নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
সিলেট, রংপুর, বরিশাল, গোপালগঞ্জ ও ঢাকার পর ফরিদপুরের এ নির্বাচনি সমাবেশ করছেন প্রধানমন্ত্রী। তার সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলার নেতৃবৃন্দ; সকাল থেকেই স্লোগানে স্লোগানে সরগরম হয়ে উঠেছে ফরিদপুরের রাজপথ।
বেলা বাড়ার পর পরই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে। সেখানে নির্বাচনি জনসভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক।
প্রধানমন্ত্রীকে বরণ করতে নৌকার নির্বাচনি পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে জনসভা মাঠের বাইরের রাস্তাঘাট। জনসভার ভাষণ শুনতে শহর জুড়ে বসানো হয়েছে শতাধিক মাইক।
সমাবেশে যোগ দিয়ে সাকিব আল হাসান বলেন, “দেশে ক্রিকেটসহ যে অভূতপূর্ব যে উন্নয়ন হয়েছে তা বঙ্গবন্ধুর কন্যার দক্ষ নেতৃত্বে কারণেই হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আপনারা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।”
