২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে খণ্ড খণ্ড মিছিলে প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীরা

জেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, প্রায় লাখো মানুষের সমাগম হবে প্রধানমন্ত্রীর এ জনসভায়।

ফরিদপুরে খণ্ড খণ্ড মিছিলে প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীরা

খণ্ড খণ্ড মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 02:43 PM

Updated : 02 Jan 2024, 02:43 PM

শীতের ঘন কুয়াশা কেটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে সরগরম হয়ে উঠেছে ফরিদপুরের রাজপথ। খণ্ড খণ্ড মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে।

এই মাঠেই মঙ্গলবার বিকাল ৩টার পরে নির্বাচনি জনসভায় বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এই জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার চারটি আসনে নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন। এছাড়া আগামীর দিক নির্দেশনা ও উন্নয়নের কথা বলবেন।

মঙ্গলবার সকাল থেকে জেলায় প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন ছিল। তার মধ্যেও প্রধানমন্ত্রীকে দেখতে ও তার কথা শুনতে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে জনসভা মাঠে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীসহ হাজারো মানুষ।

সিলেট, রংপুর, বরিশাল, গোপালগঞ্জ ও ঢাকার পর ফরিদপুরের এই নির্বাচনি সমাবেশকে সফল করতে ও প্রধানমন্ত্রীকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলার নেতৃবৃন্দ ।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের জনসভায় ফরিদপুর আসছেন। প্রায় লাখো মানুষের সমাগম হবে এ জনসভায়।

“এর মধ্যে জনসভাকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে এনিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”

পুরনো খবর:

ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী: মঞ্চ ঘিরে নিরাপত্তা, নেতাকর্মীদের মনে আনন্দ

প্রধানমন্ত্রীকে বরণ করতে নৌকার নির্বাচনি পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে জনসভা মাঠের বাইরের রাস্তাঘাট। জনসভার ভাষণ শুনতে শহর জুড়ে বসানো হয়েছে শতাধিক মাইক।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিপুল সংখ্যক শ্রমিক গত দুই দিনে ধরে দিনরাত কাজ করে নৌকার আদলে তৈরি করেছেন সভামঞ্চ। যেখানে থাকবেন জেলার চারটি সংসদীয় আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা।

প্রধানমন্ত্রীর জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।

এছাড়াও নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে জনসভাস্থল। সকাল ৭টা থেকে বিপুল সংখ্যক পুলিশ, আনসার, সেনা ও র‌্যাব সদস্যসহ গোয়েন্দা বাহিনীর নিরাপত্তা সদস্যরা প্রধানমন্ত্রীর জনসভামঞ্চসহ আশপাশে অবস্থান করতে শুরু করে।

জনসভা মাঠকে বিভিন্ন স্তরে ভাগ করে আসন বিন্যাস করা হয়েছে। রাজেন্দ্র কলেজের শহর শাখার মাঠের চারিপাশে চারটি ফটকের মধ্যে বাশের গেটের ভিতর দিয়ে নিরাপত্তার সঙ্গে জনসভায় প্রবেশ করতে হচ্ছে জনসাধারণকে।