১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিএনপি নতুন ‘স্বৈরাচারে’ পরিণত হয়েছে: নাহিদ

চাকরি ও সারের ডিলার নিয়োগসহ সব ক্ষেত্রে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক।

বিএনপি নতুন ‘স্বৈরাচারে’ পরিণত হয়েছে: নাহিদ

শরীয়তপুর পৌরসভায় এনসিপির নাগরিক সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 05:16 PM

Updated : 13 Oct 2026, 05:16 PM

বিএনপি ক্ষমতায় এসে নতুন ‘স্বৈরাচারে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেছেন, “স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি ক্ষমতায় এসে নতুন স্বৈরাচারে পরিণত হয়েছে।

“যেখানে মানুষ আশা করেছিল, একটি বৈষম্যবিহীন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি দেশ পাবে। এ কারণে জুলাই আন্দোলনে ছাত্র-জনতা জীবন দিয়েছিল। গণমানুষের সে আশা আজ পূরণ হচ্ছে না।”

মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জেলা কমিটির উদ্যোগে নাগরিক সভায় এসব বলেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “বার বার গ্যাসের দাম বাড়িয়ে এখন জনসাধারণকে ২৫০০ থেকে ২৮০০ টাকায় সিলিন্ডার কিনতে হচ্ছে। স্বাভাবিকভাবে দেশের অর্থনীতি আজ নিম্নগতি। আওয়ামী লীগের মত দেশ চলছে।

“বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি। এ দুই শক্তির কারণে মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। চাকরিতে নিয়োগ, সারের ডিলার নিয়োগ সকল ক্ষেত্রে সরকার দলীয়করণ করছে। চাঁদাবাজ আর স্বৈরাচার আজ একাকার হয়ে গেছে।”

বিএনপিকে উদ্দেশ করে এনসিপি নেতা বলেন, “যদি আপনার দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে না পারেন, তাহলে আপনাদেরকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।”

এনসিপি শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক রুহুল আমিনের সভাপতিত্বে একে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম, এনসিপি নেত্রী শামসুন নাহার, এনসিপি নেতা ইমরান আল নাজির এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মুর্শেদ বক্তব্য দেন।