১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপজেলা নির্বাচন: মঠবাড়িয়ার রিয়াজের প্রার্থিতা বাতিল

কমিশনের আদেশ অমান্য করে মঠবাড়িয়া পৌরসভার সামনে বিশাল মিছিল ও সমাবেশ করেন রিয়াজ।

উপজেলা নির্বাচন: মঠবাড়িয়ার রিয়াজের প্রার্থিতা বাতিল
মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2024, 07:23 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকালে শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান।

উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে ২৯ মে এ উপজেলায় ভোট হবে। গত ১৩ মে মঠবাড়িয়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইসির পক্ষ থেকে ওইদিন প্রার্থীদের সব ধরনের সভা-সমাবেশ করতে নিষেধ করা হয়। 

কিন্তু কমিশনের আদেশ অমান্য করে মঠবাড়িয়া পৌরসভার সামনে বিশাল মিছিল ও সমাবেশ করেন রিয়াজ। এরপর ১৪ মে কারণ দর্শাও নোটিস দেওয়া হলে রিটার্নিং অফিসারের কাছে জবাব দেন এ প্রার্থী। তার জবাব সন্তোষজনক মনে না হওয়ায় কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না- সেই ব্যাখ্যা দিতে ২৩ মে কমিশনে তলব করা হয় তাকে। 

বৃহস্পতিবার শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, “শুনানিতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন রিয়াজ উদ্দিন। ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্যাদি পযালোচনা ও শুনানি নেওয়ার পর আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি বিবেচনায় নিয়ে কমিশন সর্বসম্মতভাবে এ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে।”

রিয়াজের বড় ভাই শামীম শাহনেওয়াজ ওই এলাকার সংসদ সদস্য। তাদের ছোট ভাই আশরাফুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতি করেন। 

ইসির প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে রিয়াজের। 

এর আগে গত ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আগে আচরণবিধি ভঙ্গ করায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে আদালতে গিয়ে তিনি প্রার্থিতা ফিরে পান।

দ্বিতীয় দফায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাতিল হয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা। ভোটের দুই দিন আগে হাই কোর্টের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান।

চন্দনাইশের আবু আহমেদকে ডেকেছে ইসি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা কেন বাতিল করা হবে না– তা জানতে চেয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীকে তলব করেছে নির্বাচন কমিশন।

২৬ মে বেলা ১১টায় এ প্রার্থীকে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিও দেওয়া হয়েছে।

তৃতীয় ধাপে ২৯ মে এ উপজেলায় ভোটের কথা রয়েছে।

পুরনো খবর

প্রার্থিতা বাতিল নয় কেনমঠবাড়িয়ার রিয়াজকে ইসিতে তলব