চনপাড়ায় আধিপত্য নিয়ে ফের সংঘর্ষ, গোলাগুলি
সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আলোচিত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে থেমে থেমে সংঘর্ষ হয়েছে৷ সংঘর্ষে অন্তত পাঁচজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে৷
শনিবার দুপুর দেড়টার দিকে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়ায় দুই পক্ষের মধ্যে শুক্রবার রাতে সংঘর্ষ শুরু হয়৷ এর জেরে সকালেও দেশীয় অস্ত্র, গুলতি নিয়ে সংঘর্ষ চলে৷
রাতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় পুলিশ৷
তারা হলেন, আলমগীর হোসেন (২৮), হৃদয় খান (৩০), ইসমাইল (৩০) ও ইলিয়াছ (১৭) । তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি৷
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাত সাড়ে ৩টার দিকে চারজন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন৷ তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷
এ ছাড়া সকালে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন খাদিজা আক্তার (১৮)৷
খাদিজার মামি সুমি বেগম বলেন, “রাতভর মারামারি হইছে৷ সকাল ১১টার দিকে আবারও সংঘর্ষ বাঁধলে খাদিজা তার নিজ ঘরের সামনে দাঁড়িয়েছিল৷ এ সময় একটি গুলি তার উরুতে লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
সুমি আক্তার অভিযোগ করে বলেন, “বেলা সাড়ে ১১টায় হাসপাতালে আসছি৷ আর এখন বেলা ৩টা বাজে। এখনো চিকিৎসক আমাদের মেয়েকে এসে দেখেনি আর কোনো রকম চিকিৎসাও দেয় নাই৷ ফালাইয়া রাখছে৷”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মাকসুদ জানান, চনপাড়া থেকে একজন নারী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। রাতে আরও চারজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন৷
চনপাড়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ‘আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ’কে কেন্দ্র করে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী সমসের আলী ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে শুক্রবার রাতে সংঘর্ষ শুরু হয়৷
থেমে থেমে রাতভর এ সংঘর্ষ চলে৷ এর জেরে সকালেও ফের দু’পক্ষের মধ্য দেশীয় অস্ত্র, গুলতি নিয়ে সংঘর্ষ চলে৷ খবর পেয়ে পুলিশ চনপাড়ায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
তবে বেলা পৌনে দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চনপাড়ায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে৷
স্থানীয়রা বলছেন, চনপাড়ায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সমসের আলী ও জয়নাল আবেদীনের মধ্যে বিরোধ রয়েছে৷
এর আগেও তাদের দুই পক্ষের সমর্থকদের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে৷
সংঘর্ষের বিষয়ে কথা বলতে সমসের আলী ও জয়নাল আবেদীন উভয়ের মুঠোফোনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি৷
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, “খবর পেয়ে চনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে৷ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে৷”
আরও পড়ুন
