Published : 04 Jul 2023, 05:41 PM
নারায়ণগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ‘আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ’কে কেন্দ্র করে সংঘর্ষে এক তরুণ গুলিবিদ্ধসহ ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে৷
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ ও গোলাগুলি চলে বলে জানিয়েছেন জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন৷
এ ঘটনায় সকালে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের নাম হৃদয় হাসান (২২)। ওই এলাকায় একটি খাবারের দোকান রয়েছে তার৷ তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর গলির আব্দুল জলিলের ছেলে।
হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তার বাবা।
আব্দুল জলিল বলেন, সোমবার রাতে হোটেল বন্ধ করে বাসায় ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় তার ছেলে৷
তবে এ সংঘর্ষে আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি৷ তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন৷
স্থানীয়রা বলছেন, চনপাড়ায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সমসের আলী ও জয়নাল আবেদীনের মধ্যে বিরোধ রয়েছে৷
এর আগেও তাদের দুই পক্ষের সমর্থকদের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এরই জেরে গতরাতে সংঘর্ষের ঘটনা ঘটে; যা চলে মঙ্গলবার ভোর পর্যন্ত৷ এই সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়৷ খবর পেয়ে পুলিশ চনপাড়ায় অভিযান চালায়৷
এ বিষয়ে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, “গত দুদিন ধরেই চনপাড়ায় উত্তেজনা ছিল৷ গতরাতে তাদের মধ্যে মারামারিতে একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়।
“সকালে পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে৷ পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়৷ অভিযানে দুটি চিহ্নিত মাদকের স্পট ভেঙে দেওয়া হয়েছে৷ বর্তমানে চনপাড়ার পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে৷”
এ ব্যাপারে কথা বলার জন্য ইউপি সদস্য সমসের আলীর মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
আর জয়নাল আবেদীনের মোবাইলে কল হলেও তিনি রিসিভ করেননি।
এর আগে গত ২৩ জুন দুপুরে চনপাড়ায় সমসের আলী ও জয়নাল আবেদীন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জয়নালের দুই সমর্থক গুলিবিদ্ধ হয়৷ আহত হন উভয়পক্ষের আরও কয়েকজন৷ এ ঘটনার পর ২৪ জুন সন্ধ্যায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ৯ মামলার আসামি সন্ত্রাসী মো. রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ৷ রায়হান সমসের আলীর অনুসারী বলে পরিচিত৷
এর আগে গত এপ্রিল ও মে মাসে কয়েক দফায় জয়নাল ও সমসেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷
আরো পড়ুন:
চনপাড়ায় ফের সংঘর্ষ, পথচারী গুলিবিদ্ধ
পুরানো খবর:
চনপাড়ায় তিন পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩পুরানো খবর:
চনপাড়ায় ফের সংঘর্ষ, পথচারী গুলিবিদ্ধ