১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চনপাড়া থেকে ‘অস্ত্র ও মাদকসহ’ ৯ মামলার আসামি রায়হান গ্রেপ্তার

“রায়হানের মতো সন্ত্রাসীরা কোথাও কোনো ঘটনা ঘটালে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করবে পুলিশ।”

চনপাড়া থেকে ‘অস্ত্র ও মাদকসহ’ ৯ মামলার আসামি রায়হান গ্রেপ্তার

চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ড থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে মো. রায়হানকে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 08:57 PM

Updated : 25 Jun 2023, 08:57 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে হত্যা, মাদকসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ড থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তার আসামির নাম মো. রায়হান। তিনি চনপাড়ার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি জানান, রায়হানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অন্তত নয়টি মামলা রয়েছে।

তিনি বলেন, “গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩০০ গ্রাম হেরোইনও জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।”

আধিপত্য বিস্তারের জেরে শুক্রবার চনপাড়ায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, সেদিন রায়হান ও জয়নাল পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় রায়হান তার বাহিনী নিয়ে নিজে উপস্থিত ছিল।

রায়হানকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এসপি বলেন, “এর আগেও একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। রায়হানের মতো সন্ত্রাসীরা কোথাও কোনো ঘটনা ঘটালে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করবে পুলিশ।”

গোলাম মোস্তফা রাসেল বলেন, “আমরা চনপাড়াকে শান্ত রাখতে চেষ্টা করছি। সেখানে যেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, মারামারি না হয় সেজন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আগের তুলনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এরই ধারাবাহিকতায় গত ১২ জুন চনপাড়ায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”

আরো পড়ুন:

পুরানো খবর:

নারায়ণগঞ্জের চনপাড়ার আলোচিত বজলু মেম্বার মারা গেছেন

পুরানো খবর:

‘মাদক ব্যবসার জেরে’ চনপাড়ায় প্রতিপক্ষের গুলিতে আহত ২