১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুবককে তুলে নেওয়ার চেষ্টা, ঠেকাতে গিয়ে গুলিতে প্রাণ গেল যুবদল কর্মীর

পুলিশ বলছে, উপস্থিত লোকজন অস্ত্রধারী তিনজনকে গণধোলাই দিয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

যুবককে তুলে নেওয়ার চেষ্টা, ঠেকাতে গিয়ে গুলিতে প্রাণ গেল যুবদল কর্মীর
পোস্টার হাতে কালো টিশার্ট পরা মো. শাকিল অস্ত্রধারীর গুলিতে নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2025, 11:56 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে তুলে নেওয়ার সময় ঠেকাতে গিয়ে অস্ত্রধারীদের গুলিতে যুবদল কর্মী নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটর সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. শাকিল (২৮) গঙ্গাবর গ্রামের সোলাইমান খোকনের ছেলে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শাকিলসহ কয়েকজন ইসলামিয়া মার্কেটর সামনে চায়ের দোকানে ছিলেন। সেসময় অটোরিকশায় অস্ত্রসহ পাঁচজন এসে লাবিব নামে একজনকে তুলে নেওয়ার চেষ্টা করেন। তখন শাকিলসহ অন্যরা বাঁধা দিলে অস্ত্রধারী একজন শাকিলকে গুলি করে। তার ছোটভাই শুভর মাথায় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

পরে দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে শাকিলকে মৃত ঘোষণা করে চিকিৎসক। তার লাশ হাসপাতালটির মর্গে রয়েছে।

নিহত শাকিলের ছোটভাই শুভ।

নিহত শাকিলের ছোটভাই শুভ।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ঘটনাস্থলে উপস্থিত লোকজন অস্ত্রধারী তিনজনকে ধরে গণধোলাই দিয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

হত্যায় ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক হাবীবুর।