২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেই তিমির মৃত্যুর কারণ আঘাত নাকি আত্মহত্যা

“এই স্তন্যপায়ী প্রাণীটি খুব সংবেদনশীল। সঙ্গীর মৃত্যু হলে এদেরকে সৈকতের অগভীর জলে আত্মহুতি দিতেও দেখা যায়।”

সেই তিমির মৃত্যুর কারণ আঘাত নাকি আত্মহত্যা

কক্সবাজার সমুদ্র সৈকতে আটকাপড়া তিমির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 03:43 PM

Updated : 19 Apr 2023, 03:43 PM

কক্সবাজার সমুদ্র সৈকতে ১০ ঘণ্টা পানিতে ভাসার পর বালিয়াড়িতে এসে আটকাপড়া ৪০ ফুট লম্বা একটি তিমির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। তার আগে প্রাণীটির দেহ থেকে নমুনা সংগ্রহ করেছেন সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।

তিমিটির ওজন আনুমানিক ২৫ থেকে ৩০ টন। প্রাণীটির গায়ে পেঁচানো জাল আর শরীরে ছিল আঘাতের চিহ্ন। এ কারণে ধারণা করা হচ্ছে, আঘাতে এই পরিণতি হয়েছে তিমিটির। আবার একজন সমুদ্র বিজ্ঞানী আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।

তিমিটির শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে ধারণা করা যাচ্ছে, বেশ কিছুদিন আগে তার মৃত্যু হয়েছে। পচন ধরা দেহ থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধের মধ্যেও তিমিটিকে দেখতে গভীর রাতেও ভিড় করে উৎসুক মানুষ।

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্টে মঙ্গলবার বেলা ১২টায় হঠাৎ ভেসে উঠে মৃত তিমিটি। ভাটার সময় সেটি পানিতে চলে যায় হিমছড়ি পয়েন্টে। উপকূল থেকে ১ কিলোমিটার দূরে পানিতে ভাসতে থাকে মরা তিমি।

জোয়ার আসার পর রাত ১০টার দিকে সেখান থেকে আরও ১০ কিলোমিটার দূরে কলাতলী পয়েন্টের বালিয়াড়িতে আটকা পড়ে প্রাণীটির মরদেহ। এ সময় সেটিকে দেখতে ভীড় জমে যায়। ছবি ও ভিডিও তোলার হিড়িক পড়ে।

তানজিলা হাসান নামে এক পর্যটক বলেন, “দেশের বাইরে ছিলাম। দুই বছর পর ফিরেছি। বাবার সঙ্গে কক্সবাজার ঘুরতে এসেছি। হোটেলে রাতের খাবার শেষে বাবার সঙ্গে সৈকতে হাঁটতে গিয়ে ভীড় দেখে এগিয়ে যাই। কাছে গিয়ে দেখি বিশাল আকৃতির একটি তিমি।”

এই তরুণীর ধারণা, জালে আটকা পড়ার কারণে মারা গেছে প্রাণীটি। তিনি বলেন, “তাকে এভাবে মেরে ফেলাটা উচিত হয়নি। খুবই খারাপ লেগেছে।”

তিমি ভেসে উঠেছে শুনে দুই মেয়েকে নিয়ে সৈকতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা লাবু শেখ। তিনি বলেন, “বই বা টেলিভিশনে তিমি দেখেছি। এই প্রথম আমি আর মেয়েরা স্বচক্ষে তিমি দেখলাম। তিমিটি অনেক বড় ছিল, দেখতে বিমানের মত লাগছিল।”

কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সরওয়ার শামীম বলেন, “মৃত তিমি থেকে প্রচণ্ড দূর্গন্ধ বের হচ্ছিল। বিশাল আকৃতির কারণে সেটিকে অন্য কোথাও সরানো সম্ভব ছিল না। তাই জেলা প্রশাসকের নির্দেশে ক্রেন এনে বালিয়াড়িতেই ১০ থেকে ১২ ফুট পর্যন্ত গর্ত করে প্রাণীটিকে পুঁতে ফেলা হয়েছে।”

সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মোহাম্মদ বেলাল হায়দার জানান, ভেসে আসা মৃত তিমি ব্রাইডস জাতের। এর বৈজ্ঞানিক নাম বেলিনিওপেট্রা ইডিনি।

২০২১ সালের ৯ ও ১০ এপ্রিল দুইটি তিমি হিমছড়ির ঠিক একই পয়েন্টে ভেসে এসেছিল। সেগুলোও একই প্রজাতির ছিল বলে তারা ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছিলেন।

এ প্রজাতির তিমির দাঁত নেই। মুখের মধ্যে চিরুনির মতো একটি অংশ দিয়ে খাবার প্রক্রিয়াজাত করে খাবার খায়।

জালে আটকের পর গুরুতর আঘাতে মৃত্যুর ধারণা

বিকালে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ড্রোনের মাধ্যমে তিমিটির ছবি ও ফুটেজ সংগ্রহ করেন। পরে রাতে কলাতলী পয়েন্টে সংগ্রহ করা হয় নমুনা। 

ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, “তিমিটির লেজের অংশ পচে গেছে। আর পরিমাপ করার পর দেখা গেছে ৪০ ফুটের বেশি এই তিমিটি। প্রাথমিকভাবে ধারণা করছি, জেলেদের জালে আটকা পড়ে তিমিটির মৃত্যু হয়েছে।”

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মোহাম্মদ বেলাল হায়দার বলেন, “তিমিটির শরীরে জালের বিশাল রশি পেঁচিয়ে আছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বা অন্য কোনো কারণে তিমিটি মারা গেছে।”

অন্য কী কারণ থাকতে পারে, এই প্রশ্নে তিনি বলেন, “জালে আটকা পড়ে, জাহাজের সঙ্গে সংঘর্ষ বা সমুদ্র শব্দ দূষণের কারণে অন্যদের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে দিকভ্রান্ত হয়ে উপকূলের অগভীর জলে এসে আটকা পড়ে মারা যায় তিমি।

“আবার এই স্তন্যপায়ী প্রাণীটি খুব সংবেদনশীল। সঙ্গীর মৃত্যু হলে এদেরকে সৈকতের অগভীর জলে আত্মহুতি দিতেও দেখা যায়। আর উপকূলের অগভীর জলে ভাসমান ছিল বলে তিমিটির আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।”

‘আরও গবেষণা প্রয়োজন’

তিমির বিচরণের জন্য গভীর ও ঈষৎউষ্ণ জলের প্রয়োজন। সে কারণে ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে তিমির বিচরণের সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে মনে করা হয়। এরা কখনও একা, কখনও যুগলবন্দি, কখনও দলবদ্ধ হয়ে বাস করে।

সমুদ্র বিজ্ঞানী বেলাল হায়দার জানান, বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ডের উত্তর প্রান্ত ও এর আশপাশের এলাকা, কক্সবাজারের পশ্চিমে এবং সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণের গভীর সমুদ্রেও ব্রাইডস প্রজাতির তিমির দেখা পাওয়া যায়।

তার ধারণা, তিমির প্রজননক্ষম একটি বড় কলোনি সেখানে বা আশপাশের এলাকাজুড়ে বসবাস করছে। এ বিষয়ে আরও নিবিড় গবেষণা করার প্রয়োজন।