ঘূর্ণিঝড় ‘আকভানে’ রূপ নিয়েছে নিম্নচাপ, ৪ সমুদ্র বন্দরে ২ নম্বর সংকেত
শুক্রবার সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় 'আকভানে' পরিণত হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ।
এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আগামী শুক্রবার সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণকেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব আভাস দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের ক্ষেত্রে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানোর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার কথাও বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি সোমবার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
আকভান ইরানের দেওয়া নাম, যার অর্থ রাক্ষস।
উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলের জন্য ২০০৪ সাল থেকে এই নামকরণ প্রথা শুরু হয়। ২০২০ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা ও এসকাপের সদস্য ১৩টি দেশের (বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন) প্রস্তাবে মোট ১৬৯টি নামের একটি নতুন ও দীর্ঘ তালিকা প্রস্তুত করা হয়। এসকাপের তালিকা অনুযায়ী সবশেষ ঘূর্ণিঝড় ছিল মুরাসু।
