২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঙ্কজ না‌থের নির্বাচনি কার্যালয় ‘ভাঙচু‌র’, অভি‌যোগের তীর শাম্মীর অনুসারীদের দিকে

শাম্মীর অনুসারী মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু বলেন, “নিজেরা নির্বাচনি কার্যালয় ভেঙে শাম্মী আপার অনুসারীদের দোষারোপ করছে।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 04:42 PM

Updated : 01 Jan 2024, 05:41 PM

বরিশাল-৪ আসনের স্বতস্ত্র প্রার্থী পঙ্কজ না‌থের নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভি‌যোগ পাওয়া গে‌ছে।

মে‌হে‌ন্দিগঞ্জ সদর ইউ‌নিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডে রোববার রাত ১টার দি‌কে এ ঘটনা ঘ‌টে বলে ওয়া‌র্ডের সদস্য ম‌নির চাপরা‌শি জানান।

এ ঘটনায় দ্বৈত নাগ‌রিক‌ত্বের কার‌ণে আওয়ামী লীগের প্রার্থীতা হারানো শাম্মী আহ‌মে‌দের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেছে পঙ্কজের অনুসারীরা।

দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের বর্তমান এমপি পঙ্কজ নাথের বদলে আওয়ামী লীগ এবার প্রার্থী করেছিল দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে। মনোনয়ন না পাওয়ায় পঙ্কজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান।

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুরের বিষয়ে মনির চাপরাশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০/১২ জন নির্বাচনি অ‌ফি‌সের ১০-১৫টি চেয়ার-টে‌বিল ভাঙচুর ক‌রে। এছাড়া পোস্টার, ব‌্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি বেড়াও ভেঙে ফেলেছে তারা।

“হামলকারী‌দের ম‌ধ্যে স্থানীয়রা চারজনকে চিন‌তে পে‌রে‌ছেন। তারা দ্বৈত নাগ‌রিক‌ত্বের কার‌ণে প্রার্থীতা বা‌তিল হওয়া শাম্মী আহমেদের অনুসারী। ঘটনাটি পু‌লিশ ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।”

এ বিষ‌য়ে জানতে চাইলে মে‌হে‌ন্দিগঞ্জ থানার ওসি মো. ইয়া‌সিনুল হক বলেন, “মৌ‌খিকভা‌বে অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছেন, তবে কেউ লি‌খিত অভিযোগ করেনি। উভয় পক্ষয়ই বিষয়‌টি নি‌য়ে একে অপর‌কে দোষা‌রোপ কর‌ছে। ঘটনাটি মাঝরা‌তে ঘটার কারণে এর সঙ্গে জড়িতদের চি‌হ্নিত করা যায়নি।”

শাম্মীর অনুসারী মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু অভিযোগ অস্বীকার করে বলেন, “নিজেরা নির্বাচনি কার্যালয় ভেঙে শাম্মী আপার অনুসারীদের দোষারোপ করছে।”

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, “আমরা শুনেছি। লিখিত কোনো অভিযোগ পাই নাই। তবে অনুসন্ধান চলছে।”

শাম্মী-পঙ্কজের মধ্যে শুরু থেকেই পাল্টাপাল্টি অভিযোগ চলছিল। পঙ্কজের অভিযোগ ছিল, শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন।

রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মীর মনোনয়নপত্র বাতিল করা হলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। পাশাপাশি তথ্য গোপনের অভিযোগে পঙ্কজ নাথের প্রার্থিতা বাতিলেরও আবেদন করেন তিনি।

নির্বাচন কমিশনের শুনানিতে পঙ্কজের প্রার্থিতা টিকে গেলেও দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর তিনি হাই কোর্টে যান। পরে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েও প্রার্থিতা ফিরে পাননি শাম্মী।

বরিশাল-৪ আসনে একটা সময় বিএনপির ঘাঁটিই ছিল। ১৯৯৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সেখানে প্রতিটি নির্বাচনে বিএনপি প্রার্থীরা জয় পেয়েছেন। ১৮ বছর পর আওয়ামী লীগ পঙ্কজ নাথকে প্রার্থী করে আসনটি পুনরুদ্ধার করে।

এর আগে ১৯৯১ সালে এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন মহিউদ্দিন আহমেদ। তিনি চার দলীয় জোটের জামায়াত ইসলামীর প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছিলেন। কিন্তু পরের নির্বাচনে তিনি বিএনপি প্রার্থীর কাছে হেরে যান।

মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাম্মী আহম্মেদের বাবা।

পুরনো খবর:

পঙ্কজ-শাম্মী-সাদিকের মনোনয়ন স্থগিত
পঙ্কজ-শাম্মী দ্বন্দ্ব কতদূর গড়াবে
আপিলেও বিফল নৌকার শাম্মী