১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আপিলেও বিফল নৌকার শাম্মী

শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন; হাই কোর্টও তা বহাল রাখে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 03:50 PM

Updated : 19 Dec 2023, 03:50 PM

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েও প্রার্থিতা ফিরে পেলেন না বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শাম্মীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছিল হাই কোর্ট। সেই আদেশের বিরুদ্ধে শাম্মীর করা আপিল আবেদন গ্রহণ করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। 

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার এই আদেশ দেন।

এর ফলে তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা যে আদেশ দিয়েছিলেন, তা-ই বহাল থাকল।

শাম্মীর পক্ষে এদিন আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

বরিশাল-৪ আসনের বর্তমান এমপি পঙ্কজ দেবনাথের বদলে আওয়ামী লীগ এবার প্রার্থী করেছিল দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে। মনোনয়ন না পাওয়ায় পঙ্কজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান।

শুরু থেকেই তাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছিল। পঙ্কজের অভিযোগ ছিল, শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন।

রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মীর মনোনয়নপত্র বাতিল করা হলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। পাশাপাশি তথ্য গোপনের অভিযোগে পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিলেরও আবেদন করেন তিনি।

নির্বাচন কমিশনের শুনানিতে পঙ্কজের প্রার্থিতা টিকে গেলেও দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর তিনি হাই কোর্টে যান।

ওই আবেদনের শুনানি নিয়ে সোমবার হাই কোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখে।

পুরনো খবর

পুরানো খবর:

প্রার্থিতা ফেরত পেলেন সাদিক আব্দুল্লাহ, ব্যর্থ শামীম ও শাম্মী