শাবি ক্যাম্পাসের পানি সরেছে
বন্যার পানি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করলেও একদিনের ব্যবধানে তা কমতে শুরু করেছে; পর্যবেক্ষণ করে হল ও ক্যাম্পাস পরিষ্কার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত থেকে পানি অলরেডি কমতে শুরু করেছে। ক্যাম্পাসের কয়েক জায়গায় পানি রয়েছে। পানি কমার এই ধারা অব্যাহত থাকলে খুব দ্রুতই বন্যার পানি মুক্ত হবে ক্যাম্পাস।”
“আকাশ এখনও মেঘলা। আমরা একদিন পর্যবেক্ষণ করব। কারণ, সিলেটের কাছাকাছি ভারতের অংশে শুনেছি বৃষ্টিপাত হচ্ছে। ওই দিকের বৃষ্টিপাত এ অঞ্চলে প্রভাব ফেলে। তবে ক্যাম্পাসে যেভাবে পানি কমছে, এই ধারা অব্যাহত থাকলে কালকের পরের দিন থেকে ক্যাম্পাস ও আবাসিক হলগুলো পরিষ্কার করা হবে। হলের পানির ট্যাংক, রুমগুলো, চারপাশ ভালো করে পরিষ্কার করা হবে।
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে চলতি মৌসুমে তৃতীয় দফা বন্যার মুখে পড়েছে সিলেট মহানগরীসহ পাঁচ উপজেলার বিস্তীর্ণ এলাকা।
গত এপ্রিলে সিলেটের নিম্নাঞ্চলে অসময়ে বন্যা দেখা দেয়। এরপর মে মাসের মাঝামাঝিতে সিলেটে ১৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়। এই রেশ না কাটতেই আবারও বন্যার কবলে পড়ল সিলেটবাসী। এর প্রভাব পড়েছে সবুজে ঘেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
কর্তৃপক্ষ শুক্রবার সকালে জরুরি সিন্ডিকেট সভায় আগামী ২৫ জুন পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এরপর থেকেই হল ছেড়ে বাড়ির দিকে গিয়েছেন শিক্ষার্থীরা।
তবে দাপ্তরিক কাজ চালু আছে বলে জানালেন রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলও জানিয়েছেন, তাদের অফিসিয়াল কার্যক্রম চলছে।
শিক্ষার্থীদের হল ছাড়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের বাস চালু আছে। শিক্ষার্থীদেরকে বাসের মাধ্যমে কদমতলী বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়া হচ্ছে। ছাত্রী হলের অনেক শিক্ষার্থীকে আমরা নিরাপদে পৌঁছে দিতে পেরেছি।“
রোববার দুপুরে সাংবাদিকদেরকে তিনি জানান, দুটি ছাত্রী হলে ও ছেলেদের সৈয়দ মুজতবা আলী হলে কোনো শিক্ষার্থী অবস্থান করছেন না।
বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদেকা। বাড়ি সুনামগঞ্জে। তার ভাষ্য, তিনিসহ মোট ছয়জন বিশ্ববিদ্যালয়ের গেস্টরুমে অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শুরু থেকে যুক্ত এমন কয়েকজন জানান, গত প্রায় ২৫ বছর শাবি ক্যাম্পাসে বন্যার পানি প্রবেশ করেনি। ১৯৯৮ সালের পর থেকে উপচেপড়া পানি থেকে মুক্ত ছিল শাবি। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন।
শিক্ষার্থীরা জানান, শিক্ষাভবন বি-এর সামনে, চেতনা-৭১-এর সামনে, শিক্ষক কোয়ার্টারের সড়ক, সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনে হাঁটুপানির নিচে দেখা গেছে। বন্যার পানি চলে যাওয়ায় আবাসিক হলগুলোয় বিদ্যুৎ সরবরাহ অনেকটা স্বাভাবিক।
পানি কমছে কিন্তু ক্যাম্পাস ও হলের পরিবেশ স্যাঁতসেঁতে ও দুর্গন্ধ অবস্থায় রয়েছে বলে জানান তারা।
আরও পড়ুন:
