ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে দুইজন নিহতের ঘটনায় মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এরশাদুল হকসহ দুইজনের নিহতের ঘটনায় মামলা হয়েছে।
এরশাদুলের (৩৫) বাবা নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম শনিবার রাত সোয়া ১২টায় নবীনগর থানায় মামলাটি দায়ের করেন বলে থানার ওসি আমিনুর রশীদ জানিয়েছেন।
তিনি বলেন, মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বন্দুকধারী এরশাদুল ও বাদলকে (২৫) লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়। পরে এরশাদুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এরশাদুল আসন্ন নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তার বাবা আবুল কাশেমের অসুস্থতার কারণে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। আর বাদল একই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে।
