ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে আহত চেয়ারম্যানপুত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এরশাদুল হক মারা গেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে শুক্রবার রাতে এরশাদুলের মৃত্যু হয়।
নিহত এরশাদুল (৩৫) আসন্ন নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তার বাবা আবুল কাশেমের অসুস্থতার কারণে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।
এর আগে শুক্রবার রাতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৫) নিহত হন। এ ঘটনায় এরশাদ আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “বাদল ও এরশাদ মোটরসাইকেলে করে শুক্রবার রাতে নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের বাজার এলাকায় একটি ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে চালকের আসনে থাকা বাদল ঘটনাস্থলেই নিহত এবং এরশাদ আহত হন।
“পরে স্থানীয়রা এরশাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।সেখান থেকে ঢাকায় যাওয়ার পথেই এরশাদুলের মৃত্যু হয়।”
এ ঘটনার পর এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এতে জড়িতদের আটক চেষ্টা চলছে বলে জানান শাহীন।
