ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ চেয়ারম্যানপুত্র
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক যুবক নিহত হয়েছেন; স্থানীয় এই ইউপি চেয়ারম্যানের ছেলে আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তবে কারা কী কারণে এই হামলা চালিয়েছে সে বিষয়ে পুলিশ কিংবা স্থানীয় কেউ কিছু বলতে পারেনি।
নিহত বাদল সরকার (২৫) নাটঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে।
আহত এরশাদ (৩০) নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, স্থানীয় কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে গিয়েছিল এরশাদ ও বাদলসহ কয়েকজন। সেখান থেকে মোটরসাইকেলে করে তারা বাড়ি ফিরছিলেন।
“পথে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদল মারা যান। গুরুতর আহত এরশাদকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। মরদেহ ঘটনাস্থলেই রয়েছে।
