২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: চন্দন সরকারের স্ত্রীসহ ১১ জনের সাক্ষ্য

নারায়ণগঞ্জের ৭ খুনের দুটি মামলায় নিহত আইনজীবী চন্দন সরকারের স্ত্রীসহ ১১ জন সাক্ষ্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

সোমবার আদালতে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে  নারায়ণগঞ্জর তৎকালীন এক সহকারী পুলিশ সুপার, লাশের ময়না তদন্তকারী ৪ চিকিৎসকসহ ১১ জন সাক্ষ্য দেন।

এ সময় তাদের জেরা করেন আসামী পক্ষের আইনজীবীরা।

আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ১৬ মে মামলার পরবর্তী তারিখ রেখেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওয়াজেদ আলী খোকন।

এদিকে সাতজনকে অপহরণের পর ২৭ এপ্রিল গভীর রাতে পুলিশে যে দলটি র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহম্মদকে বহনকারী মাইক্রোবাসটিকে তল্লাশির জন্য থামিয়েছিল সেই দলের সদস্য কনস্টেবল আব্দুল লতিফও সাক্ষ্য দেন।

তিনি আসামির কাঠগড়ায় থাকা তারেক সাঈদ মোহম্মদকে শনাক্ত করেন বলে বাদী পক্ষের আইনজীবী  সাখাওয়াত হোসেন খান জানান।

সাক্ষ্য দেন চন্দন কুমার সরকারের স্ত্রী অর্চনা সরকার, ভাগ্নে মাধব কুমার দে,

সাত লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. আসাদুজ্জামান, ডা. জলিল আহমেদ, ডা. শেখ ফরহাদ, ডা. মাইনুদ্দিন, ঘটনার সময় নারায়ণগঞ্জে কর্মরত সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) আজিম-উল আহসান, নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের লাশ শনাক্তকারী আক্তার হোসেন, নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের, নিহত সিরাজুল ইসলাম লিটনের ভাই সাইফুল ইসলাম পিন্টু।

সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) আজিম-উল আহসান সাক্ষ্যে বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল সাত জনকে অপহরণের খবর পাওয়া পর পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যান বাহন তল্লাশি করে। রাত পৌনে ৪টায় নগরীর কিল্লারপুল এলাকায় কর্তব্যরত পুলিশ একটি সাদা টয়োটা হায়েছ মাইক্রোবাস থামায়।

“তখন মাইক্রোবাস থেকে র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ বেরিয়ে এসে নিজের পরিচয় দিয়ে পুলিশকে জানায়, ‘নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে কাজ শেষে তিনি ক্যাম্পে ফিরছেন।’”

পরিচয় পাওয়ার পর পুলিশ তার মাইক্রোবাসটি ছেড়ে দেয় বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ সদর হাসপাতালের (ভিক্টোরিয়া) আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান সাক্ষ্যে বলেন, ২০১৪ সালের ৩০ এপ্রিল ছয়টি লাশ পুলিশ  ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে আসে।

“লাশের ময়নাতদন্তের জন্য আমার নেতৃত্বে ডা. জলিল আহমেদ, ডা. শেখ ফরহাদকে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। আর পরদির উদ্ধার লাশটির ময়নাতদন্ত করেন ডা. মাইনুদ্দিন।”

তিনি বলেন, “ওই সাত জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে তাদের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। এদের মধ্যে পাঁচ জনের পেটে একটি করে ও দুই জনের পেটে দুইটি করে ফুটো ছিল।”

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাত জনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর শীতলক্ষ্যায় তাদের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নজরুল ইসলাম স্ত্রী সেলিনা ইসলাম বিউটি একটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এই ঘটনায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৭ সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের তৎকালীন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনের পাঁচ সহযোগীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার ১৭ মাস পর মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। তিনিসহ বর্তমানে এই মামলায় ২৩ আসামি কারাগারে রয়েছেন।

পুরনো খবর:

সাত খুন: দুই মামলায় পরবর্তী সাক্ষ্য ৯ মে
নূর হোসেনের আরও দুই মামলার সাক্ষ্য শুরু
সাত খুন: সাক্ষ্য দিয়েছেন নজরুলের শ্বশুর
সাত খুন: মামলার ২ বাদীকে জেরা
সাত খুন: ‘সাক্ষীদের চুপ থাকার হুমকি নূর হোসেনের’
সাত খুন: এখনও পলাতক ১১ আসামি