সাত খুন: মামলার ২ বাদীকে জেরা
নারায়ণগঞ্জে সাত খুনের দুই মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি ও বিজয় কুমার পালকে জেরা করেছেন আসামির আইনজীবীরা।
সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবীরা তাদের জেরা করেন।
এ সময় আটক ২৩ আসামি আদালাতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন।
আগামী ১১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ রেখে আসামিদের কারাগারে পাঠানো হয়।
সাক্ষ্য গ্রহণের জন্য নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্যালক সাইদুল ইসলাম আদলাতে উপস্থিত না হওয়ায় তার সাক্ষ্য গ্রহণ করা হয়নি।
পিপি ওয়াজেদ আলী খোকন বলেন, সকালে পুলিশি পাহাড়ায় ৭ খুনের প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
সকাল ১০টায় প্রথমে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও পরে নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালকে জেরা করা হয়।
তবে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্যালক সাইদুল ইসলামের সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য থাকলেও না আসায় তার সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী তারিখে তার সাক্ষ্য নেওয়া হবে বলে তিনি জানান।
অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন আরও বলেন, উচ্চ আদালতে রিভিশন মামলায় থাকায় নূর হোসেন ও তারেক সাঈদের আইনজীবীরা ইতিপূর্বে সাক্ষ্য দেওয়া আট সাক্ষীকে জেরা করেননি।
আসামিপক্ষের আইনজীবীরা ওই আট আসামিকে জেরা করার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করে আগামী ধার্য তারিখে জেরা করার অনুমতি দেন।
দুটি মামলার বাদীপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিপক্ষের আইনজীবীরা দুটি মামলার বাদীকে জেরা করেছেন।
তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবী সুলতানুজ্জামান বলেন, “উচ্চ আদালতে রিভিশন মামলা থাকায় দুটি মামলার বাদীকে আমরা জেরা করতে পারিনি। উচ্চ আদালতের আমাদের আবেদন খারিজ হয়ে গেলে আমরা দুটি মামলার বাদীকে জেরা করেছি।
“জেরায় আমরা আসামিপক্ষের আইনজীবী তারেক সাঈদকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি।”
এর আগে দুটি মামলায় দুজন ম্যাজিস্ট্রেটসহ ১৪ জন আদালতে সাক্ষ্য দেয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি ও বিজয় কুমার পাল মামলা দুটি দায়ের করেন।
তদন্ত শেষে প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
গত ৮ ফেব্রুয়ারি ৭ খুনের দুটি মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে ৩৫ আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন।
নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছে।
