সাত খুন: ম্যাজিস্ট্রেট-পুলিশসহ ৭ জনের সাক্ষ্য
নারায়ণগঞ্জে সাত খুনের দুই মামলায় একজন ম্যাজিস্ট্রেট ও তিন পুলিশসহ সাত জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে বেলা ২টা পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণ চলে।
আগামী ২৮ মার্চ মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে।
এর আগে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ ও নূর হোসেনের আইনজীবীরা সাক্ষী ও বাদীকে জেরা করতে আবারও সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।
সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। সোয়া ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়।
শুরুতেই তারেক সাঈদ মোহাম্মদ ও নূর হোসেনের আইনজীবীরা মামলার বাদী ও সাক্ষীদের জেরার করার জন্য সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।
পরে আদালতে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেএম মহিউদ্দিন সাক্ষ্য দেন।
আরো সাক্ষ্য দেন চন্দন সরকারের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই বেলায়েত হোসেন, লাশ বহনকারী কনস্টেবল রমজান আলী, ইব্রাহিমের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ এলাকার আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম ও ফখরুল ইসলাম।
হাকিম কেএম মহিউদ্দিনের আদালতে মামলা চলাকালে তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানা, হীরা মিয়া, পুর্ণেন্দু বালা ও নূর হোসেনের দুই সহযোগী মোর্তুজা জামান চার্চিল ও রহম আলী দোষ স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।
এছাড়া একই (কেএম মহিউদ্দিন) আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ১৬৪ ধারায় শহীদুল ইসলাম, রাবেয়া বেগম ও এসআই পলাশ গোলদারও সাক্ষ্য দেন।
সাক্ষ্য শেষে সাক্ষীদের ৩৩ আসামির আইনজীবীরা জেরা করেন।
পিপি ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের দুটি মামলায় একজন ম্যাজিস্ট্রেট, তিন জন পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী তিন জন সাক্ষ্য দিয়েছেন। এ সময় ৩৩ আসামির আইনজীবী তাদের জেরাও করেন।
তিনি বলেন, “কীভাবে অপহরণ করা হয়েছে এবং কীভাবে হত্যার লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলা দেওয়া হয়েছে তা সাক্ষীরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন।”
এদিকে মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, প্রকাশ্য আদালতে সাক্ষ্য দিতে আসা সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার সময় পিপি প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে হাসাহাসি করছেন। কোনোকিছুই সাক্ষীদের জিজ্ঞেস করা হয়নি।
“আসামীর কাঠগড়ায় থাকা প্রধান আসামি নূর হোসেন সাক্ষীদের চোখ রাঙাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, যাতে সাক্ষ্য না দেয়। আমি প্রতিবাদ করার পরও পিপি সাহেব কোনো ব্যবস্থা নেননি।”
পিপিকে পরিবর্তন করে যোগ্য পিপিকে মামলাটি পরিচালনা করার দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।
এ ব্যাপারে ওয়াজেদ আলী খোকন জানান, “সাক্ষীদের সাক্ষ্য প্রদানের আগে সবকিছু বলে দেওয়া হয়েছে। এখানে কোনো অবহেলা ও অসহযোগিতা করা হয়নি। সৎ ও নিষ্ঠা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করছি।”
সাক্ষ্য শেষে বেরিয়ে রাষ্ট্রপক্ষের দুই সাক্ষী আবুল কালাম আজাদ ও জাহাঙ্গীর আলম টিপু সাংবাদিকদের বলেন, আজ যে সাক্ষ্য দেওয়ার জন্য তাদের ডাকা হয়েছে সে কথা আগে তাদের জানানো হয়নি। বলা হয়েছিল আদালতে উপস্থিত থাকতে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাত জনকে অপহরণের তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা করেন ফতুল্লা মডেল থানায়।
নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় এক বছর পর।
গত ৮ ফেব্রুয়ারি নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়।
