সাত খুন: বিউটির দ্বিতীয় দফা জেরা পিছাল
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির মামলায় বাদীকে জেরার তারিখ চারদিন পিছিয়েছে আদালত।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে বাদীকে জেরা করার তারিখ নির্ধারিত ছিল।
আসামি নূর হোসেন ও তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ১৪ মার্চ নতুন তারিখ ধার্য করে বলে বাদীর আইনজীবী জানান।
পাবিলক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন জানান, আসামি তারেক সাঈদ মোহাম্মদ ও নূর হোসেনের পক্ষে হাই কোর্টে কোয়াশমেন্টের পৃথক রিভিশন মামলা রয়েছে।
“এবিষয়ে আসামিপক্ষের আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত তাদের আবেদন মঞ্জুর করে আগামী ১৪ মার্চ বাদীকে জেরার নতুন তারিখ ধার্য করে।”
ওইদিন দুটি মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা হবে বলে জানান খোকন।
গত ৩ মার্চ এই মামলার বাদী সেলিনা ইসলাম আদালতে সাক্ষ্য দেন এবং ৩৫ জনের মধ্যে ৩২ আসামির আইনজীবীরা তাকে জেরা করেন।
অন্যদিকে গত ২৯ ফেব্রুয়ারি ও ৭ মার্চ দুই দফায় অপর মামলার বাদী বিজয় কুমার পাল সাক্ষ্য দেন এবং ৩৩ আসামির আইনজীবী বাদীকে জেরা করেন।
নূর হোসেন ও তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবীরা জেরা করতে অস্বীকৃতি জানালে আদালত তাদের জেরা ছাড়াই বাদীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন বলে ঘোষণা করেন।
এদিকে, গত ৭ মার্চ হাই কোর্টের একটি বেঞ্চ তারেক সাঈদের দায়ের করা রিভিশন মামলার শুনানি করতে বিষয়ে বিব্রত বোধ করে প্রধান বিচারপতির কাছে নথি পাঠিয়ে দেয়।
তারেক সাঈদের পক্ষের আইনজীবী গোলাম কিবরিয়া বলেন, তারা তারেক সাঈদের পক্ষে উচ্চ আদালতে ফৌজদারী রিভিশন দায়ের করেচেন। আগামী ১৬ মার্চ এই মামলার শুনানি হবে।
“সবচেয়ে বড় কথা আমি আদেশের কোনো সার্টিফায়েড কপি পাইনি। তাই আমরা বাদীকে কীভাবে জেরা করব? মামলা চলবে কীভাবে?”
মামলার বাদীর আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, “আজ নিয়ে চতুর্থ দিন বাদী সেলিনা ইসলাম সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আসামির আইনজীবীরা উচ্চ আদালতের দোহাই দিয়ে সময়ের আবেদন করছেন।”
আসামিপক্ষ নকল না পাওয়ার যে কথা বলেছেন, তা ঠিক নয়। তারা নকল তুলেছেন। নকল না পেলে উচ্চ আদালতে মামলা করলেন কীভাবে?
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি একটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা দায়ের করেন।
