২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: বিউটিকে ফের জেরা বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির মামলায় দ্বিতীয় দফায় বাদীকে জেরা করবেন তিন আসামির আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 09:58 AM

Updated : 25 Jul 2022, 09:21 PM

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে বাদী সেলিনাকে জেরা করা হবে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন।

এই তিন আসামি হলেন নূর হোসেন, তারেক সাঈদ মোহাম্মদ ও এম এম রানা।

এর আগে গত ৩ মার্চ সেলিনা আদালতে সাক্ষ্য দেন এবং ৩৫ জনের মধ্যে ৩২ আসামির আইনজীবীরা তাকে জেরা করেন।

অন্যদিকে গত ২৯ ফেব্রুয়ারি ও ৭ মার্চ দুই দফায় ৭ খুনের অপর মামলার বাদী বিজয় কুমার পাল আদালতে সাক্ষ্য দেন এবং ৩৩ আসামির আইনজীবী তাকে জেরা করেন।

নূর হোসেন ও তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবীরা আদালতের আরও সময় প্রার্থনা করলে আদালত তা নাকচ করেন।

ওই সময় আসামিপক্ষের আইনজীবীদের বাদীকে জেরার নির্দেশ দিলেও জেরা করতে অস্বীকৃতি জানালে আদালত তাদের জেরা ছাড়াই বাদীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন বলে ঘোষণা করে।

আদালত আগামী ১৪ মার্চ এই মামলায় অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছে।  

গত  ৮ ফেব্রুয়ারি ৭ খুনের দুটি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে।

র‌্যাবের ৮ সদস্যসহ পলাতক ১২ আসামির অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হয়। পলাতক ১২ আসামির পক্ষে রাষ্ট্রপক্ষের খরচে পাঁচজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় একটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা দায়ের করেন।

পুরনো খবর:

সাত খুন: বিউটির সাক্ষ্য ও জেরা