সাত খুন: সাক্ষ্য দিয়েছেন নজরুলের শ্বশুর
নারায়ণগঞ্জে সাত খুনের দুই মামলায় নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান ও তার বন্ধু শাহজালাল সাক্ষ্য দিয়েছেন।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাদের সাক্ষ্য নেওয়া হয়।
শহীদুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরবর্তী ধার্য্য দিনে তার সাক্ষ্য নেবে আদালত।
পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন জানান, সকালে কড়া নিরাপত্তার মধ্যে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। পরে শহীদ চেয়ারম্যান ও তার বন্ধু শাহজালাল আদালতে সাক্ষ্য দেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত তাদের সাক্ষ্য নেওয়া হয়।
আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন আগামী ৪ এপ্রিল রেখেছে বলে জানান তিনি।
এর আগে গত ২৮ মার্চ এই মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম, নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই মিজানুর রহমান আদালতে সাক্ষ্য দেন।
ওইদিন সময় স্বল্পতার কারণে শহীদুল ইসলাম, তার ছেলে সাইদুল ইসলাম ও শাহজালালের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি।
এর আগে দুটি মামলার বাদী ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনসহ মোট নয় জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুটি মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়।
ওইদিন ২৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পলাতক ১২ আসামির অনুপস্থিতিতে বিচার শুরু হয়েছে। ওই পলাতকদের পক্ষে রাষ্ট্রপক্ষের খরচে পাঁচ জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
গত বছরের ৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেন।
