সাত খুন: এখনও পলাতক ১১ আসামি
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় দুই বছর পূর্ণ হয়েছে বুধবার।
দুবছর আগে এই দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর হত্যা করে ইট বেঁধে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় করা দুটি মামলায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
বর্তমানে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলা দুটির সাক্ষ্য গ্রহণ চলছে। অভিযুক্ত ২৩ আসামি কারাগারে আছেন। ১১ আসামি পলাতক, যাদের মধ্যে র্যা বের সাবেক আট সদস্যও রয়েছেন। এছাড়া একজন রয়েছেন ভারতের কারাগারে আটক।
ইতিমধ্যে এ দুই মামলার বাদী, দুজন বিচারিক হাকিমসহ ৩০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এরপর একই এলাকা থেকে নারায়ণগঞ্জ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তার প্রাইভেটকারের চালক ইব্রাহিমকে অপহরণ করা হয়।
অপহরণের তিনদিন পর ৩০ এপ্রিল বন্দর থানার কলাগাছিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলাম, চন্দন সরকার, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, দুই গাড়ি চালক জাহাঙ্গীর ও ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়।
তার একদিন পর ওই নদীতেই নজরুলের বন্ধু সিরাজুল ইসলাম লিটনের লাশ পাওয়া যায়।
এই ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় নুর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, হাসমত আলী হাসু, আমিনুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন আশিক ও ইকবাল হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।
এছাড়া চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন।
এই ঘটনায় র্যানবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৭ সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের তৎকালীন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনের পাঁচ সহযোগীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে ভারতের কারাগারে আটক নূর হোসেন ও র্যািবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ৩৫ জনকে আসামি করে এবং ১৬ জনকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দাখিল করেন।
আসামিদের মধ্যে র্যা বের আট সদস্যসহ ১২ জনকে পলাতক দেখানো হয়। অভিযোগপত্রে ১২৭ জনকে সাক্ষী করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি এ হত্যাকাণ্ডের দুটি মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণের মাধ্যমে বিচার কাজ শুরু হয়।
পলাতক ১২ আসামির অনুপস্থিতিতে বিচার শুরু হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্রের খরচে পাঁচ আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
অনুপস্থিত আসামিরা হলেন নূর হোসেনের পাঁচ সহযোগী বন্দর উপজেলার কুড়িপাড়ার সেলিম (বর্তমানে ভারতের কারাগারে আটক), সিদ্ধিরগঞ্জের সানা উল্লাহ, ম্যানেজার শাহ্জাহান ও জামাল উদ্দিন।
মঙ্গলবার নিহত নজরুল ইসলামের মিজমিজির বুকস গার্ডেনের বাসভবনে গেলে তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আবেগপ্রবণ হয়ে পড়েন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমার ভাই, দেবর, ননদের ছেলেসহ যারা ৭ খুন মামলার সাক্ষী তাদের নামেও নূর হোসেনের আত্মীয়রা ৭টি মামলা দিয়েছে।
“আমরা এই মামলার ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি। নূর হোসেনসহ সকল আসামির সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নেই।”
মিজমিজির চৌধুরীপাড়ার নিহত তাজুল ইসলামদের বাড়িতে কথা হয় তার বাবা আবুল খায়ের ও মা তাসলিমা বেগমের সঙ্গে।
ছেলের ছবি দেখিয়ে মা তাসলিমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, খুন হওয়ার তিনদিন আগে (২০১৪ সালের ২৪ এপ্রিল) ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। ছেলের লাশটাও তাকে দেখতে দেওয়া হয়নি।
নিজের ছেলেসহ সাত খুনের আসামিদের শাস্তি দাবি করেন।
তাজুলের বাবা আবুল খায়ের বলেন, খুনিরা শুধু আমার ছেলেকেই হত্যা করেনি। পুরো একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমার ছেলের শোকে আমার বৃদ্ধ বাবা ও বৃদ্ধা মা (তাজুলের দাদা-দাদি) মৃত্যবরণ করেছেন।
এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।
২০১৪ সালের ৩০ এপ্রিল পাওয়া যায় সাতজনের লাশ
শামছুন নাহার নূপুর বলেন, জাহাঙ্গীর নিহত হওয়ার ২ মাস পর আমার মেয়ের জন্ম হয়। আমি এখন খুবই অসহায় জীবনযাপন করছি। চাকরি করে সংসার চালাতে হচ্ছে।
মেয়ের লেখাপড়ার খরচ নিয়ে চিন্তিত তিনি, ওর বাবা থাকলে যা তাকে করতে হতো না বলে মনে করেন নূপুর।
মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, এই মামলার আসামিরা প্রভাবশালী। তারা শুরু থেকেই নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
সাক্ষীদের নূর হোসেনের লোকজন নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
পাবলিক প্রসিকিউটর এস এম ওয়াজেদ আলী খোকন জানান বলেন, সাত খুনের দুই মামলায় ১২৭ জন সাক্ষীর মধ্যে ৩০ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। মামলার কার্যক্রম যে গতিতে চলছে আামরা আশা করছি চলতি বছরের মধ্যে একটি ভালো ফলাফল দেয়া যাবে।
সাক্ষীদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে সাক্ষী সুরক্ষা আইনে সাক্ষীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে কারাগারে আটক রয়েছেন, মামলার প্রধান আসামি নুর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানা, এস আই পূর্ণেন্দু বালা, এএসআই বজলুর রহমান, আবুল কালাম আজাদ, হাবিলদার এমদাদুল হক ও নাসির উদ্দিন, কনস্টেবল শিহাব উদ্দিন, বাবুল হাসান, আরজিওয়ান আরিফ হোসেন, ল্যান্স নায়েক হীরা মিয়া, বিল্লাল হোসেন, রুহুল আমিন, সিপাহী আবু তৈয়ব, নুরুজ্জামান, আসাদুজ্জামান নূর।
