২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: নজরুলের ভাইকে হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামিপক্ষের হুমকিতে নিহত নজরুল ইসলামের ভাই আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেননি বলে অভিযোগ করেছেন বাদীর আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 04:32 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পুরনো খবর:

সাত খুন: হাকিমসহ ৭ সাক্ষীকে জেরা

সোমবার আদলতে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে এ অভিযোগ করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

সাখাওয়াত বলেন, সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সোমবার আরও পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ ও দুই জনকে জেরা করা হয়েছে।

“আজ খুব গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। হত্যা ও লাশ উদ্ধারসহ নানা তথ্য উঠে এসেছে সাক্ষ্যে।

“তবে আসামিপক্ষ থেকে নিহত নজরুলের ভাই আব্দুস সালামকে নানা হুমকি-ধামকি দেওয়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।”

সকালে কড়া নিরাপত্তার মধ্যে মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয় বলে জানান পিপি ওয়াজেদ আলী খোকন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় আদালতের কার্যক্রম শুরু হলে প্রথমে সাক্ষ্য দেন মনিরুজ্জামান স্বপন ও তাজুলের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বন্দর থানার তৎকালীন এসআই আবু হানিফ, লাশবহনকারী কনস্টেবল আব্দুল কুদ্দুস।

“পরে নিহত আইনজীবী চন্দন সরকারের ভাগ্নে প্রতীপ কুমার দে, তাজুলের চাচা আবু তাহের ও নজরুল ইসলামের শ্যালক সাইদুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন।”

এছাড়া একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি ও বন্দর থানার এসআই মিজানুর রহমানকে জেরা করেছেন নূর হোসেনসহ অন্য আসামিদের আইনজীবীরা।

জেরা শেষে আদালত আগামী ২৫ এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রেখে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এ মামলায় দুজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৫ জনের সাক্ষ্য  নেওয়া হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি ও বিজয় কুমার পাল মামলা দুটি দায়ের করেন।

তদন্ত শেষে প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

গত  ৮ ফেব্রুয়ারি ৭ খুনের দুটি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে ৩৫ আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে।

নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছে।