২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের আরও দুই মামলার সাক্ষ্য শুরু

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে আরও দুই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 09:00 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে মাদক মামলার বাদী সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন এসআই শওকত হোসেন এবং চাঁদাবাজীর মামলার বাদী আকরাম হোসেন সাক্ষ্য দেন।

এ সময় নূর হোসেন আদালতে উপস্থিত ছিলেন বলে জানান আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ।

২০১৪ সালের ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনের লাশ উদ্ধারের পর নূর হোসেন ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ৯ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ডের পেছনে অভিযান চালিয়ে পুলিশ দুই হাজার ৯০০ বোতল ফেনসিডিল এবং বেশ কয়েক বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।

এছাড়া ২০১৩ সালের ১ জানুয়ারি ব্যবসায়ী আকরাম হোসেনের কাছ থেকে নূর হোসেনের সহযোগীরা চার লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয় অভিযোগে ২০১৪ সালের ২৮ মে নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজীর মামলাটি করেন আকরাম হোসেন।

পুরনো খবর:

নূর হোসেনের ২টি চাঁদাবাজির মামলা দায়রা আদালতে
সাক্ষী আসেনি, নূর হোসেনের ৩ অস্ত্র মামলার সাক্ষ্য পেছালো