২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষী আসেনি, নূর হোসেনের ৩ অস্ত্র মামলার সাক্ষ্য পেছালো

সাক্ষী না আসায় নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের তিন অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 01:54 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুন নাহার সাক্ষ্য গ্রহণ ‍শুরুর জন্য ১৩ এপ্রিল নতুন দিন ঠিক করে দিয়েছেন।

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান জানান, তিন অস্ত্র মামলার বাদী পুলিশ কর্মকর্তাদের এদিন সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু তারা কেউ হাজির না থাকায় নূর হোসেনকে হাজিরা শেষে কারাগারে পাঠানো হয়।

গত ২০১৪ সালের এপ্রিলে সাত খুনের ঘটনার পর প্রধান আসামি নূর হোসেন ভারতে পালিয়ে গেলে সরকার তার বৈধ অস্ত্রগুলোর লাইসেন্স বাতিল করে। পরে পুলিশ নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে।

লাইসেন্স বাতিল হওয়ার পরও একটি অস্ত্র জমা না দেওয়ায় এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে পুলিশ বাদী হয়ে নূর হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা করে।

তদন্ত শেষে পুলিশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দিলে মামলাগুলো বিচারের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়।

গত ২৫ ফেব্রুয়ারি আদালত তিন মামলায় অভিযোগ গঠন করে নূর হোসেনের বিচার শুরুর নির্দেশ দেন। সাক্ষ্য শুরুর জন্য সেদিন ২ মার্চ দিন ঠিক করে দেন বিচারক। 

এ দিকে নূর হোসেনকে বুধবার ডাণ্ডাবেড়ি না পরিয়ে আদালতে হাজির করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, নূর হোসেনের বিরুদ্ধে অর্ধডজন মামলা বিচারাধীন। একটি মামলায় তার এক বছরের সাজাও হয়েছে। অথচ তাকে ডাণ্ডাবেড়ি পরানো হয়নি।

“অস্ত্র মামলায় আজ যেভাবে নূর হোসেনকে আদালতে আনা হয়েছে, তাতে মনে হয়েছে সে সাবেক একজন মন্ত্রী, তাকে ভিআইপির মতো আদালতে হাজির করা হয়েছে।”

নূর হোসেনকে প্রশাসন ‘বিশেষ সুবিধা দিচ্ছে’ অভিযোগ করে এই আইনজীবী বলেন, “এতে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ক্ষুব্ধ ও ব্যথিত।”