সাত খুন: দুই মামলায় পরবর্তী সাক্ষ্য ৯ মে
আলোচিত সাত খুনের দুটি মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ৯ মে নতুন দিন নির্ধারণ করেছে আদালত।
সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন জানান, এই নিয়ে সাত খুনের দুটি মামলার বাদী ও দুজন বিচারিক হাকিমসহ ৩৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।
তিনি বলেন, সকালে নিহত মনিরুজ্জামান স্বপনের স্ত্রী মোর্শেদা বেগম ও পুলিশসহ সাতজন সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা আদালতে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামি উপস্থিত ছিলেন বলে জানান পিপি ওয়াজেদ আলী।
আদালতে সাক্ষ্যদানকারী অন্যরা হলেন, জয়দেবপুর থানার এএসআই রিয়াজুল হক, স্বপনের গাড়ির জব্দ তালিকার সাক্ষী আনোয়ার হোসেন ও মোক্তার হোসেন, কনস্টেবল বদরুল আলম, ফতুল্লা মডেল থানার তৎকালীন এসআই ওয়াহিদুজ্জামান ও কনস্টেবল সেলিম মিয়া।
নূর হোসেন ও র্যাবের সাবেক কর্মকর্তাদের দেখে আদালতের বাইরে মোর্শেদা বেগম ক্ষোভ প্রকাশ বলেন, “ওদের কারণে আমি স্বামীহারা হয়েছি, ওদের কারণে আমার মেয়ে পিতৃহারা হয়েছে, আমি ওদের বিচার চাই।”
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সত জনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর শীতলক্ষ্যায় তাদের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নজরুল ইসলাম স্ত্রী সেলিনা ইসলাম বিউটি একটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এই ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৭ সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের তৎকালীন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনের পাঁচ সহযোগীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার ১৭ মাস পর মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। তিনিসহ বর্তমানে এই মামলায় ২৩ আসামি কারাগারে রয়েছেন।
