২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম স্ত্রীকে না জানিয়ে বিয়ে, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ‘আত্মহত্যা’

প্রথম স্ত্রী খাদিজা বাবার বাড়ি গেলে, এ সুযোগে দ্বিতীয় স্ত্রীকে বাড়ি নিয়ে যান সুমন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2024, 08:49 PM

Updated : 08 Feb 2024, 08:59 PM

নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক দম্পতির মৃত্যু হয়েছে; যারা আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাদের মৃত্যু হয় বলে মহাদেবপুর থানার ওসি রুহুল আমিন জানান।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বরাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন হোসেন (৪০) ও তার স্ত্রী গোলাপী আক্তার (৩০)।

মৃতদের পরিবারের বরাতে ওসি বলেন, “প্রথম স্ত্রী খাতিজাকে না জানিয়ে এক সপ্তাহ আগে গোলাপীকে গোপনে বিয়ে করেন সুমন। মঙ্গলবার খাদিজা বাবার বাড়ি গেলে, এ সুযোগে দ্বিতীয় স্ত্রীকে বাড়ি নিয়ে যান সুমন। বুধবার বিকালে খাদিজা ফিরলে এ নিয়ে ঝগড়া শুরু হয়। তবে রাতে তারা একসঙ্গেই খাবার খান।

“রাত ৯টার দিকে সুমন ও গোলাপি গ্যাস ট্যাবলেট (পোকামাকড় নিধনের জন্য এলুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট) সেবন করেন।”

পরে প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে হাসপাতালে নিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু আনসারী বলেন, “এখানে আনার পর দুজনের শারীরিক অবস্থাই গুরুতর ছিল। উন্নত চিকিৎসার তাদের অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

“কিন্তু রোগীর স্বজনরা এতে অপরগতা জানায়। পরে এখানেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।”

ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি রুহুল জানান।