পলাশবাড়ীর দুর্ঘটনায় মারা গেল আরেকজন, মৃত্যুর সংখ্যা ৪
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে অটোরিকশা চালক নুরুল ইসলাম মারা যান।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় আহত অটোরিকশার চালকও মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় দম্পতিসহ মৃত্যুর সংখ্যা দাঁড়াল চার।
বৃহস্পতিবার সকাল ৭টার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সাকোয়া ব্রিজ সংলগ্ন মাঝিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন তিনজন।
নিহতরা হলেন গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নেরর ভাটপাড়া গোপালপুর গ্রামের নজল হকের ছেলে অটোরিকশার চালক নুরুল ইসলাম (৪৮), একই উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মো. আব্দুস সালাম মিয়ার ছেলে মো. শামীম মিয়া (৪৫), তার স্ত্রী শিমু সরকার (৪০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে শাকিল মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শীর বরাতে পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, সকালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা পলাশবাড়ী যাচ্ছিল। পথে সাকোয়া ব্রিজ সংলগ্ন মাঝিপাড়ায় গাইবান্ধাগামী একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
“এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়; ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিন অটোরিকশা যাত্রী নিহত হন। চালকসহ আহত হন আরও দুই জন।”
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার এবং আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোসাব্বির হোসেন জানান, আহত অটোরিকশা চালক নুরুল ইসলামকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পথে নুরুল ইসলাম মারা যান।
তার মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে যান বলে জানান চেয়ারম্যান মোসাব্বির।
দুর্ঘটনা ঘটানো বাসটিকে এখনও চিহ্নিত করা যায়নি বলে পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান।
আরও পড়ুন:
