গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত
অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় এক দম্পতিসহ অটোরিকশার তিন যাত্রীর প্রাণ গেছে। আহত হয়েছেন আরও দুজন।
পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রিজ সংলগ্ন মাঝিপাড়া এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মো. আব্দুস সালাম মিয়ার ছেলে মো. শামীম মিয়া (৪৫), তার স্ত্রী শিমু সরকার (৪০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে শাকিল মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, গাইবান্ধা থেকে পলাশবাড়ীগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে গাইবান্ধাগামী একটি বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
“এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।”
এ ঘটনায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসটি এখনও চিহ্নিত করা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
