২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে কথা: সেই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১২ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের কথা হয়।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 05:47 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরের (৬০) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে এসআই শামীম আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন বলে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুর হাসান জানান। 

৫ অগাস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে ১২ অগাস্ট তার সঙ্গে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর পুলিশ তাকে আটক করে। পরে তাকে চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠানো হয়।

এখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হল। 

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপের অডিওটি যড়যন্ত্রের অংশ। বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ১০ অগাস্ট বরগুনা শহরে বিক্ষোভ মিছিল হয়। সেই মিছিল-সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাহাঙ্গীর কবিরের বাসায় যান। পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে তারা বর্তমান সরকারকে উৎখাত করার হুমকি দেন প্রকাশ্যে। 

সেই যড়যন্ত্রের অংশ হিসেবে ১২ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের কথা হয়। এই ঘটনা বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে রাষ্ট্রদ্রোহের অপরাধ।

'বিশৃঙ্খলার ষড়যন্ত্র': বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার