১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘বিশৃঙ্খলার ষড়যন্ত্র’: বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইলে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

‘বিশৃঙ্খলার ষড়যন্ত্র’: বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার
বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 01:06 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

‘বিশৃঙ্খলা ও প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে’ বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে বরগুনা পৌর শহরের হাইস্কুল সড়কে জাহাঙ্গীর কবিরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান।

তীব্র গণআন্দোলনের মুখে সরকার পতনের পর ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুদিন আগে মোবাইলে কথা বলতে দেখা গিয়েছিল জাহাঙ্গীর কবিরকে। 

ওসি মিজানুর বলেন, “শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে ঢাকা থেকে আসা পুলিশের একটি দল জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে।” 

জাহাঙ্গীর কবির জেলা আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক। সোমবার তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইলে কথা হয়- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

তিন মিনিটের সেই ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবীরকে বলেন, “আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন।”

জাহাঙ্গীর কবীর তখন শেখ হাসিনাকে বলেন, “আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।”

জবাবে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “আমি ঘাবড়াবো কেন? আমি ভয় পাইনি। আপনারা দেখেছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মীদের মেরেছে। বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন থাকেন।”

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বলেন, “ঢাকা থেকে পুলিশের একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা নেওয়া হতে পারে।”