টাঙ্গাইলে একসঙ্গে ৬ সন্তান প্রসব, বাঁচল না কেউ
অপরিপক্ক হওয়ায় নবজাতকগুলো জন্মের পর পর মারা যায় বলে জানিয়েছে চিকিৎসক।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রসূতি একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। তবে অপরিপক্ক হওয়ায় নবজাতকগুলো জন্মের পর পর মারা যায়।
বৃহস্পতিবার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ওই নারী এসব সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন সখীপুরের বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা।
প্রসূতি সুমনা আক্তার (২৬) বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা গ্রামের প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রীর। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসক।
ফরহাদ মিয়ার মামা শাহজাহান মিয়া জানান, সুমনা আক্তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঈদের দিন সকাল ১০টার দিকে তীব্র পেটে ব্যথা অনুভব করলে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করা হয়।
তবে অবস্থা বেশি খারাপ হওয়ায় সুমনাকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার পেটে ছয়টি সন্তান থাকার কথা জানায় চিকিৎসক।
পরে নরমাল ডেলিভারির মাধ্যমে সুমনা একে একে চারটি ছেলে এবং দুইটি মেয়ে সন্তান প্রসব করেন; তবে সবাই মারা যায় বলে জানান শাহজাহান মিয়া।
কুমুদিনী হাসপাতালের মেডিকেল অফিসার শতাব্দী বলেন, অপরিপক্ক হওয়ায় নবজাতকগুলো বাঁচানো যায়নি। স্বজনরা তাদের দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন। তবে প্রসূতি হাসপাতালে চিকিৎসাধীন।
