২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলে পাঁচ মাসে ইজিবাইক চালকসহ ছয়জন খুন

ইজিবাইক চালকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত সচেতন করছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 10:01 PM

Updated : 19 Jul 2023, 10:01 PM

টাঙ্গাইলের ঘাটাইলে চলতি বছরের প্রথম পাঁচ মাসে তিন ইজিবাইক চালকসহ ছয়জন হত্যার শিকার হয়েছেন; শ্বাসরোধ ও গলাকেটে এসব হত্যাকাণ্ড সংঘঠিত হয়।

বুধবার ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, মূলত ইজিবাইক ছিনতাই করতেই তিন চালককে হত্যা করা হয়। সেকারণে সড়কগুলোয় পুলিশি টহল জোরদার করা হয়েছে, সচেতন করা হচ্ছে চালকদের।

ওসি জানান, সবশেষ গত বৃহস্পতিবার রাতে গলাকেটে হত্যা করা হয় ঘাটাইলের ছুনটিয়া গ্রামের ইজিবাইক চালক আলম মিয়াকে (৪৫)।

এ ঘটনায় ছুনটিয়া গ্রামের ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে তারা জানান, আলমকে হত্যা করে ইজিবাইকটি চুরি করাই তাদের উদ্দেশ্য ছিল। এর আগেও তারা আলমের একটি ইজিবাইক চুরি করেছিলেন।

গ্রেপ্তার ছয়জনই এখন কারাগারে।

এপ্রিলের ৩ তারিখের ঘটনা বর্ণনা করে ওসি বলেন, রাত ১০টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন ইমান আলী (৩৮)। উপজেলার পোড়াবাড়ি-গারোবাজার আঞ্চলিক সড়কে খাগড়াটা এলাকায় পৌঁছলে তার ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্ট করে একটি চক্রের সদস্যরা। ইমান আলী তাতে বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এতে তার শ্বাসনালী কেটে যায়।

আহত অবস্থাতেই ইজিবাইক চালিয়ে লোকালয়ে চলে আসেন তিনি। পরে স্থানীয়রা তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমান আলীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

গত ১ মার্চ উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. জাহিদের (১২) লাশ পাওয়া যায়। তার বাবা সুজন তালুকদার একজন ভ্যানচালক, লেখাপড়ার পাশাপাশি বাড়তি আয়ের আশায় মাঝে মধ্যেই সে বাবার ভ্যানটি নিয়ে বের হতো।

সেদিন স্কুল শেষে সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হলেও রাত রাত ৯টার দিকে তার গলাকাটা নিথর দেহের সন্ধান মেলে ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে।

দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে যায়। এ মামলার তদন্তভার পিবিআইয়ের কাছে।

ইজিবাইক চালকরা বলছেন, রাতের বেলা উপজেলা সদরের বাইরে আঞ্চলিক সড়কগুলোতেই ঘটছে নানা ধরনের অঘটন। অস্ত্রের মুখে কখনও ছিনিয়ে নেওয়া হয় টাকা-পয়সা, কখনও ইজিবাইকের সঙ্গে খোয়াতে হয় প্রাণও। ইজিবাইক ব্যাটারির অনেক দাম হওয়ায় এ যানের প্রতি ছিনতাইকারীদের আকর্ষণ বেশি। 

এ বিষয়ে ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, তিনি ঘাটাইলে যোগ দিয়েছেন আড়াই মাস। এরই মধ্যে আঞ্চলিক সড়কগুলোয় রাতের বেলা পুলিশি টহল জোরদার করেছেন।

পাশাপাশি ইজিবাইক চালকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত সচেতন করে যাচ্ছেন।

ইজিবাইক চালক ছাড়াও নানা দ্বন্দ্বে চলতি বছর আরও তিনজন হত্যার শিকার হয়েছেন।

২৩ জুন উপজেলার গারোবাজার এলাকার মুরাইদ চাকপাড়া গ্রামে তিন বছরের শিশু তুলিকে হত্যা করে পানির ট্যাংকে লুকিয়ে রাখেন তার মামা সুমন মিয়া (২২)।

মূলত ভাগ্নীকে অপহরণ করে বোন জামাই সোহেল মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়েই শিশুটিকে হত্যা করেন তিনি।

এই ঘটনা প্রকাশ পেলে বিক্ষুব্ধ এলাকাবাসী সুমনের বাড়িঘর ভাঙচুর করে, পুড়িয়ে দেয় তার মোটরসাইকেল। সুমন এখন কারাগারে।

২৬ মে ভোরে হাত-পা বাঁধা এবং মুখ ও গলায় বিছানার চাদর পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয় জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামের সুলতানের হোসেনের (৪০) লাশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে।

এর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৮ মার্চ উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের ব্যবসায়ী কহিনূর মিয়াকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। সেই সময় কহিনূরের লাশ রাস্তায় রেখে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে জুয়েল রানাকে সঙ্গে নিয়ে ঘাটাইল-সাগরদিঘী সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন এলাকাবাসী।

পরে পুলিশ মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তবে পরে জামিনে মুক্ত হন আসামিরা।