২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ: তদন্ত কমিটি গঠন

জেলা প্রশাসক জানান, অগ্নিদগ্ধদের সার্বিক সহযোগিতা করা এবং সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।

গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ: তদন্ত কমিটি গঠন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা প্রশাসক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 03:02 PM

Updated : 14 Mar 2024, 09:48 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তার মধ্যে রান্নার গ্যাসের আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে ১০টার দিকে জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম উপজেলার মৌচাক তেলিরচালা ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান।

ওই কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক সফিকুল বলেন, “গ্যাসের আগুনে ৩৪ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩২ জন আছেন ঢাকায় আর দুইজন স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে তদন্ত কমিটির প্রদান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

জেলা প্রশাসক বলেন, “এখানে খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে যারা থাকেন তাদের গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে অভিজ্ঞতা কম। যার কারণে এমন ঘটনা ঘটেছে। আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে এখানে অগ্নি মহড়া দেওয়ার ব্যবস্থা করব। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”

অগ্নিদগ্ধদের সার্বিক সহযোগিতা করা হবে এবং সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানান তিনি।

জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, এখানে যে ঘটনা ঘটেছে সেটি খুবই মর্মাহত। এ ধরনের ঘটনা যাতে পুনারাবৃত্তি না হয় এজন্য জনসচেতনতা প্রয়োজন। আইনের কাঠামো থেকে যারা এর ব্যক্তয় ঘটাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এখানে যারা গ্যাস সিলিন্ডার বিক্রি করেন তাদের ডিলারশিপ ঠিক আছে কী না তা দেখা হবে। এখানে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমেরী হোসেন, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম ও মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম।

আরও পড়ুন...

ভেজা চট পেঁচিয়ে রাখা সিলিন্ডার দেখে কৌতূহলীদের ভিড়, তখনই আগুন

গাজীপুরে রাস্তায় ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে দগ্ধ ৩২

পুরনো খবর:

দগ্ধদের বাঁচাতে চেষ্টার যেন কমতি না থাকে: স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ বেশিরভাগের অবস্থা ‘আশঙ্কাজনক’