রাকসু নির্বাচন: খসড়া তালিকায় ২৫৫ প্রার্থী, পাঁচজন বাদ
১৭টি আবাসিক হল সংসদের প্রার্থীর খসড়া তালিকা এখনো পাওয়া যায়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদে ২৩ পদের বিপরীতে ২৫৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
কেন্দ্রীয় সংসদে মনোনয়ন জমা দেওয়া ২৬০ জনের মধ্যে পাঁচজনের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। এ ছাড়া সিনেট ছাত্রপ্রতিনিধি পাঁচ পদের বিপরীতে মনোনয়ন জমা দেন ৬২ জন। খসড়া তালিকায় সিনেট ছাত্রপ্রতিনিধি পদে দুজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
তালিকায় কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) আশিকুর রহমান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক পদে রিচার্স চাকমা এবং কার্যনির্বাহী পদে সুজন চন্দ্রের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এ ছাড়া সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে মারুফ হাসান জেমস ও ওমর ফারুক সাফীন আজমীর প্রার্থিতা বাতিল করা হয়।
প্রার্থিতা বাতিলের কারণ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “অনেকে মনোনয়নপত্রের সঙ্গে ব্যাংক স্লিপ, ছবি ও ডোপ টেস্টের রিপোর্ট জমা দেয়নি যার কারণে তাদের প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের পদে একজনের নাম থাকায় একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।”
কেন্দ্রীয় সংসদে প্রাথমিক তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে।
অন্যদিকে ১৭টি আবাসিক হলের প্রার্থীর খসড়া তালিকা এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, “আমরা হলের সঙ্গে যোগাযোগ করছি। তারা আমাদের কাছে তালিকা পাঠানোর পর রাকসু ওয়েবসাইটে আজ রাতের মধ্যেই প্রকাশ করা হবে।”
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
