Published : 07 Sep 2025, 07:02 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামি ছাত্রশিবির।
রোববার সন্ধ্যায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্যানেল ঘোষণা করেন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহায়মিন।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে অ্যাগ্রোনমি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে ফলিত রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম রেজা এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম সালমান সাব্বির মনোনয়ন পেয়েছেন।
জাহিদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি, ফাহিম সাবেক সমন্বয়ক এবং সালমান জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা ছিলেন। তাদের নেতৃত্বেই লড়বে প্যানেল।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে হামিদুল্লাহ নাঈম, সহক্রীড়া সম্পাদক আবু সাইয়্যেদ সামী, সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদ হাসান, সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা সম্পাদক সাইয়্যেদা হাফসা, সহমহিলা সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস শাকিব, সহতথ্য ও গবেষণা সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে হাসান হাওলাদার, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম সায়েম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ইমরান লস্কর, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে মাসুমা ইসরাত মুমু নির্বাচনে লড়বেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল হক কামালি ও খালিদ হাসান।
২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী, ৪ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল এবং ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই হবে। ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।