Published : 25 Aug 2025, 03:35 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচন সামনে রেখে পাঁচ দফা দাবি জানিয়েছে ছাত্রদল।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবিগুলো তুলে ধরে সংগঠনটি। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দারা প্রশাসন ভবনের সামনে যায়। এ সময় উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও দেয় ছাত্রদল।
দাবিগুলো হলো- প্রথম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর, ছবিসহ ভোটার তালিকা তৈরি, আবাসিক হলে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “ছাত্রদলকে ঠেকাতে ‘পাকিস্তানপন্থি’ প্রশাসন ষড়যন্ত্র করছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে সাবেক শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করা নির্বাচন কমিশনারকেই কোনো আলোচনা ছাড়াই রাতের আঁধারে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “কোনো শিক্ষক অপমান বা লাঞ্ছিত হোক তা চাই না। আমাদের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ রাকসু নির্বাচন। প্রথম বর্ষের শিক্ষার্থীরা, যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাদের ভোটাধিকার নিশ্চিত না করে রাকসু নির্বাচন হবে না।”

সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হবে। ভোটকেন্দ্র আবাসিক নয়, একাডেমিক ভবনে হওয়া উচিত। ভোটার তালিকা স্বচ্ছ ও ছবিসহ প্রকাশিত করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “আমরা তাদের দাবিগুলো পেয়েছি এবং এ বিষয়ে আলোচনা করা হবে। যেগুলো নির্বাচনকেন্দ্রিক দাবি সেগুলো নির্বাচন কমিশন দেখবে।”
এ সময় সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক নাফিউল জীবনসহ দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।
সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৭ ও ২৮ অগাস্ট মনোনয়ন দাখিল, ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই, ২ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থীতা তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে ভোটগ্রহণ হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।