১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্রজোটের সবাই এক প্যানেলে লড়বেন

কেন্দ্রীয় সংসদের মোট ২৩ পদের মধ্যে ১৬টিতে মনোনয়ন দিয়েছে এ প্যানেল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 06:53 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলে লড়ার ঘোষণা দিয়েছেন বাম সংগঠনগুলো।

সোমবার বিকালে পরিবহন মার্কেট চত্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন এই প্যানেল ঘোষণা করেন।

কেন্দ্রীয় সংসদের মোট ২৩ পদের মধ্যে ১৬টিতে মনোনয়ন দিয়েছে এ প্যানেল।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) পদে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কাউছার আহম্মেদ এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাসিম সরকার মনোনয়ন পেয়েছেন। তাদের নেতৃত্বে লড়বে এই প্যানেল।

ফুয়াদ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক, কাউছার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ এবং নাসিম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের আহ্বায়ক।

এ ছাড়া বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তারেক আশরাফ সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বিপ্লবী ছাত্রমৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ তথ্য ও গবেষণা সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সজীব আলী সহতথ্য ও গবেষণা সম্পাদক, পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক রিসার্চ চাকমা সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে লড়বেন।

প্যানেলে সহকারী মহিলা বিষয়ক সম্পাদক শ্রেয়সী রায়, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুনতাসির তাসিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আজমাইন আতিক রয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসাদ সাদিক রাফি, আহমেদ ইমতিয়াজ সৈকত, সাজ্জাদ শেখ এবং জুনায়েদ।

২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী  মনোনয়ন বাছাই চলবে ৮ ও ৯ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন:

রাকসুতে ছাত্র অধিকার পরিষদ ও ফেডারেশন একসঙ্গে লড়ছে

রাকসু নির্বাচন: ছাত্রদল লড়বে আবির-জীবন-এষার নেতৃত্বে