১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাকসুতে ছাত্র অধিকার পরিষদ ও ফেডারেশন একসঙ্গে লড়ছে

রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমান উল্লাহ আমান প্যানেল ঘোষণা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 05:39 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন একসঙ্গে প্যানেল ঘোষণা করেছে। 

সোমবার বিকালে রাকসু ভবনের সামনে ‘রাকসু আন্দোলন মঞ্চের’ সদস্যসচিব আমান উল্লাহ আমান ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ নামের এই প্যানেল ঘোষণা করেন। 

কেন্দ্রীয় সংসদের মোট ২৩ পদের মধ্যে ১৯টিতে মনোনয়ন দিয়েছে এ প্যানেল। 

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ, সাধারণ সম্পাদক (জিএস) পদে উর্দু বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরিন জাহান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ মনোনয়ন পেয়েছেন।

মারুফ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি। আফরিন জাহান উত্তরণ পাঠক ও লেখক সূতিকাগারের সাবেক রাবির সভাপতি ও নারী অধিকার কর্মী। আর শাহরিয়ার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তাদের নেতৃত্বেই লড়বে প্যানেল।

এই প্যানেলে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ওয়াজেদ শিশির অভি শুধু সদস্য পদে লড়ছেন। 

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে মেহেদী হাসান মাসুম, সহক্রীড়া সম্পাদক রিদুয়ানুল হক ইমন, সাংস্কৃতিক সম্পাদক রাতুল মাহমুদ, সহসাংস্কৃতিক সম্পাদক মুবতাসিন ফুয়াদ ধ্রুব, নারী সম্পাদক আবিদা আক্তার লাবনী, সহতথ্য ও গবেষণা গাজী ফারহান লাবিব, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুহাইম তামিম, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুবায়ের হাসান, বিতর্ক ও সাহিত্য সম্পাদক রমজানুল মোবারক, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক নাজমুল ইসলাম এবং সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে আখতার হোসেন নির্বাচনে লড়বেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সজীব হোসাইন, ওয়াজেদ শিশির অভি, মাহফুজুল ইসলাম নয়ন ও আবদুল হামিদের নাম এসেছে। 

এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী, ৪ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল এবং ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই হবে। ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন:

রাকসু নির্বাচনছাত্রদল লড়বে আবির-জীবন-এষার নেতৃত্বে