Published : 07 Sep 2025, 02:04 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
প্যানেলে লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবির সহসভাপতি (ভিপি), আরবি বিভাগের শিক্ষার্থী নাফিউল জীবন সাধারণ সম্পাদক (জিএস) এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জাহিন বিশ্বাস এষা মনোনয়ন পেয়েছেন।
আবির বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি, জীবন দপ্তর সম্পাদক এবং এষা যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তাদের নেতৃত্বেই লড়বে প্যানেল।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহসম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহসম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহসম্পাদক নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহসম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহসম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এ আর রাফি খান এবং সহসম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন নির্বাচনে লড়বেন।
কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও আশরাফুল ইসলাম।
প্যানেল ঘোষণা অনুষ্ঠানে ডাবল মাস্টার্স প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, “ডাবল মাস্টার্স যদি রাকসু নির্বাচনের জন্যই করা হতো, তাহলে আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিপি-জিএস পদে লড়তেন। কিন্তু আপনারা দেখছেন আমরা নিয়মিত ছাত্রদের নিয়েই প্যানেল গঠন করেছি। ছাত্রদল সব সময় এ নীতিতেই বিশ্বাসী।”
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী, ৪ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল এবং ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই হবে। ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।