১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাকসুতে ছাত্র ইউনিয়নের ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’ প্যানেল

কেন্দ্রীয় সংসদে ২৩ পদের মধ্যে আটটিতে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের একাংশ ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’ নামে প্যানেলে লড়ার ঘোষণা দিয়েছে। 

মঙ্গলবার দুপুরে পরিবহন মার্কেট চত্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মাসুদ কিবরিয়া প্যানেল ঘোষণা করেন।

কেন্দ্রীয় সংসদে ২৩ পদের মধ্যে আটটিতে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তারা। 

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাসুদ কিবরিয়া, সাধারণ সম্পাদক (জিএস) পদে চারুকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী পরমা পারমিতা এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদ মনোনয়ন পেয়েছেন। তাদের নেতৃত্বেই লড়বে প্যানেল। 

কিবরিয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি, পরমা শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সানজিদ সাধারণ শিক্ষার্থী হিসেবে প্যানেলে রয়েছেন।

এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে মুক্তাদির করিম কুয়াশা, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক মেহেদি হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবু রায়হান জনি এবং সহসম্পাদক পদে বিজয় মার্ডি লড়বেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাহিন শিকদার।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের একটি অংশের নেতৃত্বে আছেন সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ। তাদের অংশের নেতাকর্মীরা ডাকসুতে নাইম-অনয়-অদিতির নেতৃত্বে ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলে লড়ছেন। এর অনুকরণে রাকসুতে তারা ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’ নামে প্যানেলের নামকরণ করলেন। 

ছাত্র ইউনিয়নের আরেকটি অংশের কেন্দ্রীয় নেতৃত্বে আছেন সভাপতি তানজিদ হায়দার চঞ্চল এবং সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার। এই অংশটি গণতান্ত্রিক ছাত্রজোটভুক্ত। তারা রাকসুকে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেল থেকে লড়ছেন। সেই প্যানেল ২৩টি পদের মধ্যে ১৬টিতে লড়ছে।   

প্যানেল ঘোষণা শেষে মাসুদ কিবরিয়া বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশে ছাত্র ইউনিয়ন একটাই। বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠী ইউনিয়নে বিভক্তি তৈরি করেছে এবং তারাই ইউনিয়নের নামে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। আমরাই একমাত্র মূলধারার ছাত্র ইউনিয়ন।”

এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়ন বাছাই চলবে ৮ ও ৯ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন:

রাকসু নির্বাচনগণতান্ত্রিক ছাত্রজোটের সবাই এক প্যানেলে লড়বেন

রাকসুতে ছাত্র অধিকার পরিষদ ও ফেডারেশন একসঙ্গে লড়ছে

রাকসু নির্বাচনছাত্রদল লড়বে আবির-জীবন-এষার নেতৃত্বে

রাকসু ভোটে 'ডোপ টেস্টকেন, 'বুলিং ভয়েপ্রার্থীরা