১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইজতেমা: জুমার নামাজে সড়ক-ফুটপাত, অলিগলিতে মানুষের ঢল

ইজতেমায় অংশ নিতে না পারলেও জুমার নামাজে অংশ নিতে ময়দানমুখী হয়েছেন ঢাকা ও গাজীপুরের আশপাশের কয়েকটি জেলার মানুষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 03:16 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার জামাত। 

পরিপূর্ণ ময়দান ছাপিয়ে আশপাশের সড়ক, মহাসড়ক, ফুটপাত ও অলিগলি লাখো মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে জুমার নামাজে অংশ নেন। 

জুমার খুতবা দুপুর ১টা ৪৩ মিনিটে শুরু হয়। ১টা ৫১ মিনিটে জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৬ মিনিটে। 

তাবলিগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য জানিয়ে বলেন, জামাতে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।

এদিকে, শুক্রবার ভোরে ফজরের নামাজের পর আমবয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা নুরুর রহমান। 

সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল করা হয়েছে। তালিমের আগে আলোচনা করেন ভারতের মাওলানা জামাল সাহেব। 

এ ছাড়া বিশেষ কিছু অনুষ্ঠান হয়েছে। যেমন- সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেছেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করেছেন আব্দুল মান্নান সাহেব, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করেছেন ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।

এদিকে জুমার নামাজে অংশ নিতে সকালে থেকেই ইজতেমা ময়দানের ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। ইজতেমায় অংশ নিতে না পারলেও জুমার নামাজে অংশ নিতে ময়দানমুখী হয়েছেন ঢাকা ও গাজীপুরের আশপাশের কয়েকটি জেলার মানুষ।

ফজরের পরপরই টাঙ্গাইল মির্জাপুর থেকে ময়দানে এসেছেন আলম হাসান। তিনি বলেন, “খুব কাছে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এত কাছে থেকেও যদি লাখো মানুষের সঙ্গে জুমার নামাজ আদায় করতে না পারি তাহলে আক্ষেপ থেকে যাবে। আক্ষেপ ঘুচাতে আমরা দুই বন্ধু মোটরসাইকেলে করে জুমার নামাজে অংশ নিতে এসেছি।”

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ। 

এরপর ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ।

আরও পড়ুন:

বিশ্ব ইজতেমা: শুরুর আগেই পরিপূর্ণ তুরাগ তীরের ময়দান

নিরাপত্তার স্বার্থেই ইজতেমার ২ পর্বের মধ্যে সময় বাড়ানো হয়েছে: আইজিপি

তুরাগ তীর ছেয়ে গেছে সামিয়ানায়, চলছে ইজতেমার জোর প্রস্তুতি

টঙ্গীতে ইজতেমা মাঠে সংঘর্ষ: হাসপাতালে আরেকজনের মৃত্যু

তুরাগ তীর ছেয়ে গেছে সামিয়ানায়, চলছে ইজতেমার জোর প্রস্তুতি